Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বকেয়া কর আদায়ে গৃহমালিকদের ‘কল দেবেন’ চসিক মেয়র

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৫ ১৭:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বকেয়া কর আদায় করতে গৃহমালিকদের ফোনে নিজে কল দেবেন বলে জানিয়েছেন সিটি মেয়র ডা.শাহাদাত হোসেন।

বুধবার (২৯ আগস্ট) বিকেলে নগরীর টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে রাজস্ব বিভাগের কর্মীদের সঙ্গে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, ‘প্রতিটি রাজস্ব সার্কেল থেকে বড় অঙ্কের গৃহকর বকেয়া যাদের আছে তাদের তালিকা দেন। আপনারা গিয়ে যোগাযোগ করে কর আদায় করুন। আপনারা না পারলে প্রয়োজনে আমি নিজে ফোনে কল দেব। আপনাদের গতি বাড়ান। আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করুন। আমি অভিযোগ পেয়েছি অনেকে ঠিকমতো কাজ করেন না। কারা ঠিকমতো কাজ করছেনা জানান, ছাঁটাই করে দেই।’

বিজ্ঞাপন

প্রভাব খাটিয়ে রাজস্ব ফাঁকি দেয়ার অপচেষ্টায় লিপ্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দিয়ে শাহাদাত হোসেন বলেন, ‘প্রভাবশালীদের কোনো চাপে রাজস্ব আদায় বন্ধ করবেন না। রাজস্ব আদায় ঠেকাতে কেউ চাপ দিলে তিনি যত প্রভাবশালীই হোন না কেন আমি তা গ্রাহ্য করব না। আপনারা আইনের মধ্যে থেকে কাজ করলে কোন প্রভাবশালী ব্যক্তি আপনাদের কোন ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাশে থেকে তা ঠেকাব।’

রাজস্ব বিভাগের কর্মীদের উদ্দেশ্যে সিটি মেয়র বলেন, ‘আপনারা আইন অনুসরণ করে রাজস্ব আদায় বৃদ্ধি করে চট্টগ্রামের উন্নয়নে ভূমিকা রাখুন। আর্থিক সংকটে সেবামূলক কার্যক্রমগুলো চালাতে আমরা খুব বাধাগ্রস্ত হচ্ছি। ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে সব অনিয়ম বন্ধ করতে হবে। স্থাপনা ও বিলবোর্ড থেকে রাজস্ব আদায়ও বাড়াতে হবে। আমরা চাচ্ছি সিটি করপোরেশনকে একটা আয়বর্ধক প্রতিষ্ঠানে পরিণত করতে ।’

‘এটা হলে নাগরিকদের শিক্ষা ও স্বাস্থ্য খাতে আরও বেশি সেবা করতে পারবো আমরা। আমাদের সবাইকে সেজন্য পজিটিভ মাইন্ড নিয়ে এগিয়ে যেতে হবে এবং আমাদেরকে সবাইকে একটিভ, ডায়নামিক হতে হবে। আমাদের সবার জায়গা থেকে এ কাজে সার্বিকভাবে সহযোগিতা করতে হবে।’

সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, সচিব মো. আশরাফুল আমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা সরোয়ার কামাল ও মো. সাব্বির রহমান উপস্থিত ছিলেন।

 

সারাবাংলা/আইসি/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো