Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সরকারি সেবাকে জনবান্ধব করতে প্রধান তথ্য কর্মকর্তার আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৫ ১৯:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা:সেবা সহজীকরণের মাধ্যমে সরকারি সেবাকে জনবান্ধব করার তাগিদ দিয়েছেন প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর।

সেবা সহজীকরণকে চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, তথ্য অধিদফতরের তথ্যপ্রযুক্তি-নির্ভর সেবা সহজ করতে ইতোমধ্যে বেশকিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তথ্য অধিদফতরের রিলিজকৃত তথ্যবিবরণী, ফটো, ফিচার, সংবাদ গতিধারা, নিউজব্রিফসহ অন্যান্য বেশ কয়েকটি সেবা দ্রুততম সময়ের মধ্যে ওয়েবসাইটে আপলোড করা হচ্ছে। এর ফলে গণমাধ্যমকর্মীসহ অন্য সেবাগ্রহীতাগণ দ্রুত সময়ের মধ্যে জনগুরুত্বপূর্ণ সংবাদ জানার সুযোগ পাচ্ছেন।

বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে তথ্য অধিদফতরের সভা কক্ষে ‘তথ্যপ্রযুক্তি-নির্ভর সেবা সহজীকরণ পদ্ধতি বাস্তবায়ন’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, তথ্য অধিদফতর সাংবাদিকদের জন্য প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ও অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন-সনদ প্রাপ্তি সহজতর করতে কুইক উইন সার্ভিসের আওতায় মাই গভের মাধ্যমে অনলাইন সেবা চালুর উদ্যোগ নিয়েছে। অনলাইন-নির্ভর এই সেবা চালু হলে সেবাগ্রহীতার সময় ও ব্যয় সাশ্রয় হবে।

বিদ্যমান সরকারি নির্দেশনা মেনেও সরকারি সেবা সহজ করা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করলে সেবা গ্রহণের পর্যায়সমূহ কমিয়ে আনা সম্ভব। তিনি তথ্য অধিদফতরের তথ্যপ্রযুক্তি-নির্ভর অন্যান্য সেবা সহজ করতে কার্যকর উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

দিনব্যাপী এই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্ট মো. মাহবুবুল কবীর সিদ্দিকী। কর্মশালায় তথ্য অধিদফতরের সেবা সহজীকরণ বিষয়ে সেশন পরিচালনা করেন সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মো. জাভেদ ইকবাল। কর্মশালায় তথ্য অধিদফতর ও আঞ্চলিক তথ্য অফিসসমূহের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো