Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুবসমাজের কর্মসংস্থানের উন্নয়নে বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার: আসিফ নজরুল

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৫ ২১:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশে যুবসমাজের কর্মসংস্থানের উন্নয়নে বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার করছে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

ড. আসিফ নজরুল সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স এ বাংলাদেশের যুব কর্মসংস্থান উন্নয়ন ও আন্তর্জাতিক শ্রম সহযোগিতা শক্তিশালীকরণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

বুধবার (২৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিপর্যায়ের গোলটেবিল বৈঠকে ড. নজরুল স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম এর সাফল্য তুলে ধরেন, যার মাধ্যমে ইতোমধ্যে আইটি, স্বাস্থ্যসেবা ও উৎপাদন শিল্পসহ বিভিন্ন খাতে ২ লাখের বেশি যুবক প্রশিক্ষণ গ্রহণ করেছে। প্রশিক্ষণপ্রাপ্তদের ৭০ শতাংশ মাত্র ছয় মাসের মধ্যে কর্মসংস্থান পেয়েছেন, যা শিল্পভিত্তিক প্রশিক্ষণ ও সরকারি-বেসরকারি অংশীদারিত্বের কার্যকারিতা প্রমাণ করে।

বিজ্ঞাপন

আসিফ নজরুল বলেন, ‘আমাদের লক্ষ্য শুধুমাত্র চাকরিপ্রার্থী তৈরি করা নয়, বরং আমাদের যুবসমাজকে দেশীয় ও বৈশ্বিক অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত করা। তিনি ডিজিটাল জব-ম্যাচিং প্ল্যাটফর্ম, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক কর্মসংস্থান সমাধান এবং বাংলাদেশের বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম অনলাইন ফ্রিল্যান্সার সরবরাহকারী হিসেবে ৫০০ মিলিয়নের বেশি মার্কিন ডলারের আয়ের কথা উল্লেখ করেন।’

বাংলাদেশের টেকসই কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, শিক্ষা ও শিল্পের মধ্যে সংযোগ স্থাপন, এবং প্রবাসী শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে ড. নজরুল আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন।

সারাবাংলা/ইএইচটি/এসআর
বিজ্ঞাপন

আরো