Friday 13 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে তদন্তে দুদক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৫ ১৯:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জ: আওয়ামী লীগ সরকারের শাসনামলে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাবার নামকরণে কর্নেল মেডিকেল কলেজ অর্থাৎ বর্তমান মানিকগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে রোগীদের খাবার, চিকিৎসার পরিবেশ ও ওষুধসহ বিভিন্ন কেনাকাটায় নানা ধরনের দুর্নীতির অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি বিশেষ দল।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে ঢাকা থেকে দুদকের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে কমিশনের আরও দুই কর্মকর্তা প্রায় আড়াই ঘণ্টা হাসপাতালের আউটডোর-ইনডোর, কিচেন, স্টোর রুমসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন দুদক কর্মকর্তারা।

বিজ্ঞাপন

অভিযান শেষে সাংবাদিকদের ওয়াহিদ মঞ্জুর সোহাগ বলেন, এ মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে রোগীদের খাবার, চিকিৎসার পরিবেশ ও ওষুধসহ বিভিন্ন কেনাকাটায় নানা ধরনের দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে অভিযোগ ছিল। অভিযোগের প্রেক্ষিতে কমিশনের নির্দেশনায় অভিযানে এসেছি।

তিনি আরও বলেন, আমাদের কাছে আরও অভিযোগ রয়েছে, হাসপাতালের রোগীদের জন্য বরাদ্দ করা কম্বল কম দামে ক্রয় করে বেশি দাম দেখানো হয়েছে। আমরা এখানে এসে যে সব কম্বল দেখেছি তা কখনো ২ হাজার ৪০০ টাকা হতে পারে না। আমাদের কাছে মনে হয়েছে, এ ক্ষেত্রে বড় ধরণের দুর্নীতি হতে পারে। এ ছাড়া হাসপাতালের রান্নাঘরে গিয়ে দেখা যায়, রোগীদের খাবারের জন্য ২২০ গ্রাম মাছের টুকরো বরাদ্ধ থাকলেও ১৫৫ গ্রাম পেয়েছি। পাশাপাশি রোগীদের সঠিকভাবে খাবার বিতরণ করা হচ্ছে না বলে রোগীদের অভিযোগ রয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আরিফ আহমেদ ও উপ সহকারী পরিচালক উজ্জল কুমার রায় ও হাসপাতালের সহকারী পরিচালক ডা. সৌমেন চৌধুরী।

এদিকে অভিযোগ উঠেছে- মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে জন্মলগ্ন থেকেই সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের ছত্রছায়ায় তার বিশ্বস্ত ও আস্থাভাজন নেতাকর্মীসহ বেশ কয়েকজন নেতা হাসপাতাল থেকে অবৈধভাবে অঢেল টাকা লুটে নিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সাবেক স্বাস্থ্যমন্ত্রীর প্রধান খলিফা হিসেবে পরিচিত মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গড়পড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার। সম্প্রতি মানিকগঞ্জের ছায়া মন্ত্রী আফসার সরকার শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো