Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আওয়ামী লীগের সাবেক এমপি নদভী ফের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে একটি হত্যা মামলায় ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালত এ আদেশ দেন।

এদিন সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তায় চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে আদালতে নিয়ে আসা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) এএএম হুমায়ুন কবীর সারাবাংলাকে জানান, নগরীর পাঁচলাইশ থানার একটি হত্যা মামলায় আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পরে তাকে কড়া নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৬ জুলাই নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় ফয়সাল আহমেদ শান্ত নামে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। পরে তাকে চট্টগ্রামে মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। ওই মামলায় এজাহারনামীয় আসামি চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

গত বছরের ১৫ ডিসেম্বর ঢাকার উত্তরা এলাকা থেকে আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে গ্রেফতার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী খালিদ হাসান হত্যা মামলায় তাকে একদিনের রিমান্ডে নেয় পুলিশ।

১৭ ডিসেম্বর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত। চলতি বছরের ১৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের আবেদনের (দুদক) প্রেক্ষিতে কারাবন্দি সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। সর্বশেষ গত ২৬ জানুয়ারি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে পৃথক দুই মামলায় চারদিনের রিমান্ডে পাঠিয়েছিলেন আদালত।

সাবেক সংসদ সদস্য নদভী আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) অধ্যাপক ছিলেন। তিনি ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এমএ মোতালেবের কাছে পরাজিত হন তিনি।

সারাবাংলা/আইসি/ইআ