Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাগর-রুনি হত্যা মামলা সরকারের অগ্রাধিকারে শীর্ষে: পরিবেশ উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার অগ্রাধিকার ভিত্তিতে করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, সাগর-রুনি হত্যা মামলা সরকারের প্রধান অগ্রাধিকার মামলাগুলোর শীর্ষে। আইন প্রয়োগকারী সংস্থা দ্রুততম সময়ে তদন্ত প্রতিবেদন দেওয়ার লক্ষ্যে কাজ করছে।

মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় যাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী অডিটোরিয়ামে ‘সাগর-রুনি হিউম্যান রাইটস ফটো অ্যাওয়ার্ড’ প্রদর্শনীতে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

বিজ্ঞাপন

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এ হত্যাকাণ্ডের বিচার হতে হবে। বিচার না হওয়ার কোনো কারণ নেই। অতীতে সংশ্লিষ্টদের অসহযোগিতায় এ ক্ষেত্রে জটিলতা থাকলেও এখন সরকার তদন্তে কোনো হস্তক্ষেপ করছে না। তদন্তে প্রয়োজনীয় তথ্য উপাত্ত পেলে দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করা যাবে।

তিনি তদন্ত প্রতিবেদন প্রকাশে দেরি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, অতীতে বারবার সময় চাওয়া হলেও প্রতিবেদন আসে নাই। এতে সন্দেহ তৈরি হয়েছে। নিহতদের পরিবার দীর্ঘদিন ধরে কষ্ট নিয়ে আছে। ন্যায়বিচার পেলে তারা শান্তি পাবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধ হবে।

প্রদর্শনীতে সাগর সরওয়ার ও মেহেরুন রুনির একমাত্র সন্তান মাহির সরোয়ার মেঘ, ভাই নওশের আলম রোমানসহ পরিবারের সদস্য, সহপাঠী ও বন্ধুবান্ধব, মানবাধিকার কর্মী, সাংবাদিক, ফটোগ্রাফারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এরপূর্বে উপদেষ্টা প্রদর্শনী ঘুরে দেখেন এবং সাগর- রুনি সম্পর্কে স্মৃতিচারণ করেন।

সারাবাংলা/জেআর/এইচআই
বিজ্ঞাপন

আরো