Saturday 14 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্ন ইউনিটের ছাদ থেকে লাফিয়ে পড়ে দগ্ধ রোগীর ‘আত্মহত্যা’

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৫ ১৩:৩৬ | আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৪:৪৪

প্রতীকী ছবি

ঢাকা: জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারী ইন্সটিটিউটের ছাদ থেকে লাফ দিয়ে পড়ে পলাশ বিশ্বাস (৩২) নামে এক রোগীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৯ মার্চ) ভোর সোয়া ৫টার দিকে ঘটনাটি ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, ওই রোগী গত ৬ মার্চ শ্বসনালী দগ্ধ নিয়ে ইনস্টিটিউটে ভর্তি হয়। এরপর থেকে আইসিইউতে ভর্তি ছিলেন। গত ১৭ মার্চ ছয় তলায় এইচডিইউতে দেওয়া হয় তাকে। বুধবার ভোরে সে একাই দরজা দিয়ে বের হয় এবং তিন তলার দিকে যায়। এরপর জরুরি বাহির হওয়ার দরজা দিয়ে বের হয়ে লিফটে ১৬ তলার ছাদে গিয়ে সেখান থেকে লাফ দেন এবং ঘটনাস্থলেই মারা যান।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ওই ব্যক্তি টঙ্গি এলাকায় একটি ওয়াশিং প্লান্টে কাজ করতেন। সেখানে দুর্ঘটনায় তার শ্বাসনালী দগ্ধ হয়। সেদিনই ইনস্টিটিউটে ভর্তি হন তিনি। ১১ দিন আইসিইউতে থাকার পর মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। বিভিন্ন সময় আবোল তাবোল বলতেন। আজকে তার মানসিক চিকিৎসক দেখানোর কথা ছিল।

মৃত পলাশ বিশ্বাসের ছোট ভাই অলোক বিশ্বাস জানান, তাদের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার শিবপুর গ্রামে। বাবার নাম জয়ন্ত কুমার বিশ্বাস। বর্তমানে গাজীপুর টঙ্গীতে থাকতেন এবং সেখানে একটি ওয়াশিং প্লান্টে কাজ করতেন।

গত ৬ মার্চ ওয়াশিং প্লান্টে অগ্নিকাণ্ডের ঘটনায় শ্বাসনালী পুড়ে যায় পলাশের। এরপর তাকে জাতীয় বান ইন্সটিটিউটে ভর্তি করা হয়। মৃত্যুর আগে তিনি ছয় তলায় ৬০২ নম্বর ওয়ার্ডের ১৮ নম্বর বেডে ছিলেন।

তিনি আরও বলেন, ‘গত রাত আড়াইটার সময় তাকে বেডে দেখে বাইরে চলে আসি। এরপর ভোরে নার্সরা আমাকে জানায় যে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে অনেক খোঁজাখুজির পর হাসপাতাল কর্তৃপক্ষ জানায় পলাশ চাঁনখারপুল সংলগ্ন হাসপাতাল ভবনের কম্পাউন্ডের ভেতরে পড়ে আছে। আমরা সেখানে গিয়ে আমার ভাইকে মৃত অবস্থায় দেখতে পাই।’

ঘটনাটি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম। মরদেহ ময়নাতন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো