Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ স্বাধীনতাযুদ্ধে অবতীর্ণ হয়েছিল তা আজও পূরণ হয়নি’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৫ ১৪:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ১৯৭১ সালে যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ স্বাধীনতাযুদ্ধে অবতীর্ণ হয়েছিল তা আজও পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘‘১৯৭১ সালের এ দিনে বাংলাদেশের মানুষ ঔপনিবেশিক স্বৈরশাসনের গ্লানি থেকে মুক্তির পথ খুঁজে পেয়েছিল। লাখ লাখ শহিদের রক্তরাঙা আমাদের স্বাধীনতা। আজকের এই মহান দিবসে আমি সশ্রদ্ধচিত্ত্বে স্মরণ করি স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে, যার ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে এদিনে গোটা জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।’’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘‘এদেশের জাতীয় জীবনে স্বাধীনতা দিবস সবচাইতে গৌরবময় ও পবিত্রতম দিন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে রক্তস্নাত স্বাধীনতা বিশ্বের স্বাধীনতা অর্জনের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল দিন। কোনো জাতিকেই জন্মভূমির জন্য এমনভাবে আত্মত্যাগ করতে হয়। তবে ১৯৭১ সালে যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে দেশের মানুষ স্বাধীনতাযুদ্ধে অবতীর্ণ হয়েছিল, তা আজও পূরণ হয়নি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য আজও দেশি-বিদেশি চক্রান্তকারীরা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’’

মির্জা ফখরুল বলেন, ‘‘পরাজিত ফ্যাসিবাদ সুষ্ঠু নির্বাচনকে চিরদিনের জন্য নির্বাসিত করার মাধ্যমে জনগণকে চুড়ান্তভাবে ক্ষমতাহীন করেছিল। দেশে অনিয়ম, অবিচার, অরাজকতা, আতঙ্ক ও ভয় ছিল আওয়ামী ফ্যাসিবাদের বৈশিষ্ট্য। বহুদলীয় গণতন্ত্রের যে যাত্রা শুরু হয়েছিল রাষ্ট্রপতি শহিদ জিয়ার হাত দিয়ে তা বারবার বিপন্ন করতে চেষ্টা করেছিল চক্রান্তকারীরা। কিন্তু আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বিপন্ন গণতন্ত্রকে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করেছেন, সেটিও ধ্বংস করে গণতন্ত্রের নামে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদ চালু করা হয়েছিল।’’

তিনি বলেন, ‘‘রাষ্ট্রকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। নজীরবিহীন দুর্নীতি, সীমাহীন নির্যাতন ও দুঃশাসনের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। দীর্ঘ ১৬ বছরের আন্দোলন-সংগ্রাম ও গত বছরের জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে পরাজিত হয় আওয়ামী ফ্যাসিবাদ। এখন আজকের এই মহান দিনে বাংলাদেশের সকল দেশপ্রেমিক মানুষের প্রতি আহবান জানাচ্ছি-দলমত নির্বিশেষে ইস্পাতদৃঢ় ঐক্যের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য একযোগে কাজ করার।’’

মির্জা ফখরুল বলেনস, ‘‘আজও বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার এক গভীর চক্রান্ত চলছে। লাখো শহিদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতার সুরক্ষা ও গণতন্ত্রের পতাকাকে সমুন্নত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ জন্য গড়ে তুলতে হবে সুদৃঢ় জাতীয় ঐক্য।

সারাবাংলা/এজেড/ইআ
বিজ্ঞাপন

আরো