Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দিন দিন মানুষের ক্রয়ক্ষমতা বাড়ছে: বাণিজ্য উপদেষ্টা


১৬ এপ্রিল ২০২৫ ১৯:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দিন দিন মানুষের ক্রয়ক্ষমতা বাড়ছে বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন।

তিনি বলেন, ফলে কিছু পণ্যের মূল্যবৃদ্ধি পেলেও সংসার খরচে চাপ ততটা পড়বে না।

বুধবার (১৬ এপ্রিল) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে ‘মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্ক আরোপ: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সরকারের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিএসআরএফ’র সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব, সঞ্চালনায় ছিলেন বিএসআরএফ’র সাধারণ সম্পাদক মাসউদুল হক।

বিজ্ঞাপন

বাণিজ্য উপদেষ্টা বলেন, ক্রমান্বয়ে আমাদের মূল্যস্ফীতি নামছে। আমাদের টাকার ক্রয়ক্ষমতা বাড়ছে। এখন কিছু পণ্যের দাম বাড়ছে। কিন্তু আমরা চাই না সাধারণ মানুষের মাঝে চাপটা পড়ুক। আমরা আমাদের সামগ্রিক প্রচেষ্টার মধ্যে এটা রেখেছি। তারপরও মূল্যবৃদ্ধি পেলে সংসার খরচে চাপ ততটা পড়বে না।

সয়াবিন তেলের দাম বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, অনেকটা বাধ্য হয়ে তেলের দাম বাড়ানো হয়েছে। শুধু তেলের বাজার স্থিতিশীল রাখতে সরকার দুই হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। আমাদের কাছে তথ্যের কোনো গরমিল নেই। ট্যারিফ কমিশনের মাধ্যমে তথ্য সংগ্রহ করছি, রমজানে ভোক্তা অধিকারকে কাজে লাগিয়ে আমরা বাজারের শৃঙ্খলা স্থিতিশীল রাখার চেষ্টা করেছি। সেখানে বহুলাংশে সফল হয়েছি, হয়তো কিছু অংশে ব্যর্থতা রয়েছে।

প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন,  আমরা এখন দেশে স্থানীয়ভাবে তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান বাড়ানোর চেষ্টা করছি। তেল না এনে তেলবীজ এনে তেল করার চেষ্টা করছি। যাতে খরচ কম হয়। প্রতিযোগিতা বাড়ে। দেশে বড় বড় দুটি প্রতিষ্ঠান এখন বিনিয়োগে আসছে। টেকসইভাবে এ সমস্যা সমাধানের চেষ্টা করছি।

উপদেষ্টা বলেন, এছাড়া গত  চার-পাঁচ দিনে প্রায় ১০ টাকা বেড়ে গেছে পেঁয়াজের দাম। যদিও পেঁয়াজের এখন মৌসুম। কিছু পেঁয়াজ মজুত হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আজ ডেকে কিছু পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবো। অন্যান্য জিনিস যেমন মাছ, মাংস ও ডিমের দাম বলেন সেটা বেড়েছে বলে আমার মনে হয় না।