Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গ্রীষ্মে লোডশেডিং থাকবে সহনীয়: বিদ্যুৎ উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৫ ১৬:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: গ্রীষ্ম মৌসুমে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, এবার গরমে লোডশেডিং সীমিত পর্যায়ে রাখতে চাই।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর আব্দুল গনি রোডে বিদ্যুৎ ভবনে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত জ্বালানি সংকট উত্তরণের পথ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এবার চলতি গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১৮ হাজার মেগাওয়াট উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আশা করছি এই চাহিদা অনুযায়ী সরবরাহ অনেকটাই ম্যানেজ করা যাবে।’

বিজ্ঞাপন

বিদ্যুৎ সরবরাহে গ্রাম ও শহরের মধ্যে সমন্বয় থাকবে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, ‘আমরা জ্বালানি আমদানি করতে পারবো। আমাদের বিদ্যুৎ সরবরাহ রাখতে হবে। বর্তমান সরকার স্বল্প মেয়াদের সরকার। জ্বালানির সব কিছুতে বেশ সময় লাগে। এমন কোনো উদ্যোগ আমরা হাতে নেই না যা আমরা করতে পারবো না। আমরা বকেয়া পরিশোধে অগ্রাধিকার দিচ্ছি। বিল পরিশোধ না করলে কোনো দেশ ব্যবসা করবে?’

এ সময় আগামি দুই মাসের মধ্যে গ্যাসের সিস্টেম লস ৫০ শতাংশ কমানো নিয়ে তিনি বলেন, ‘লিকেজ লাইন ঠিক করা হচ্ছে। গ্যাস চুরি কমাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা এলএনজি আমদানি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ-পিপিপি করার সিদ্ধান্ত নিয়েছি। প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে এনেছি। তবে আগামী বছর তো বকেয়া দিতে হবে না। শুধু কারেন্ট পেমেন্ট করতে হবে। পরের বছর ভূর্তুকি বাড়বে না বলেও জানান, বলেন বরং কমবে। আমরা যে গহ্বরে পড়েছিলাম সেখান থেকে উঠে আসার চেষ্টা করছি।

সাগরে তেল-গ্যাস অনুসন্ধান প্রসঙ্গেও কথা বলেন উপদেষ্টা বলেন, ‘মন্ত্রণালয়ে ফাইল চূড়ান্ত অনুমোদন হয়ে গেলে এটি পুণরায় রি-টেন্ডার করা হবে।’

জ্বালানি তেলের মূল্য নির্ধারন বিইআরসিকে দেওয়া হচ্ছে না কেন এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘কারন তেলের দাম হঠাৎ করে বেড়ে যায়। মন্ত্রণালয়ের কাছে থাকলে সিদ্ধান্ত দ্রুত নেওয়া পসিবল হয়।’

সারাবাংলা/জেআর/এমপি
বিজ্ঞাপন

আরো