Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুর্গাপূজা উপলক্ষ্যে তারেক রহমানের শুভেচ্ছা

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।

তারেক রহমান বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা সমাগত। উৎসবের প্রাক্কালে আমি সনাতন ধর্মাবলম্বী সকল ভাই-বোনদের আন্তরিক শুভ কামনা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘বাংলাদেশে ঐতিহ্যগতভাবে সকলের সহযোগিতায় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপিত হয়ে আসছে, যা ধর্মীয় সম্প্রীতির অনুপম দৃষ্টান্ত।’ তবে অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে এ সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

তারেক রহমান আরও বলেন, ‘পলাতক বিগত স্বৈরশাসনের সুবিধাভোগীরা দুর্গোৎসবের সময় হীন ও অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে একাধিকবার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে সংঘাত সৃষ্টি করতে চেয়েছে। তাদের ষড়যন্ত্রের অবসান হয়নি, সাম্প্রতিক সময়েও তার প্রমাণ মিলেছে।’

তিনি সতর্ক করে বলেন, ‘এবারের দুর্গোৎসবকে কেন্দ্র করে যেন কোনো অপচেষ্টা চালানো না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর প্রতি নির্দেশ দিয়ে বলেন, ‘সকলকে সমন্বয়ের মাধ্যমে জনগণের সহায়তায় সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করতে হবে।’

তারেক রহমান আরও বলেন, ‘বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি সুপ্রতিষ্ঠিত রাখতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ এবং তা বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে দলের অবস্থান দৃঢ় ও সুস্পষ্ট।’

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর