Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সংগঠনিক সম্পাদকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ২২:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলা বিএনপি সংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মির্জা ফরিদুল ইসলাম শিপলু (৪৭) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মির্জা ফরিদ ইসলাম শিপলু চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়ার মরহুম আব্দুল হকের ছেলে।

মির্জা শিপলুর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৫ অক্টোবর) রাত আনুমানিক ৩টার দিকে ঢাকার ধানমন্ডির বাসভবনে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন সন্তান ও তিন ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মতিউর রহমান কিশোর জানান, মির্জা শিপলু গত বৃহস্পতিবার চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা থেকে ঢাকায় গিয়েছিলেন। চিকিৎসা শেষে কিছু মেডিকেল টেস্ট করার কথা ছিল। রাতে ছোট ভাইয়ের বাসভবনে একাই অবস্থান করছিলেন তিনি। ওই দিন রাত দেড়টার দিকে তার স্ত্রীর সঙ্গে তার কথা হয়। কিন্তু সকাল থেকে পরিবারের সদস্যরা অনেকবার ফোন কল করলেও তিনি রিসিভ করেননি। পরে তার ছোট ভাই রাতুল ও পরিবারের সদস্যরা ছোট ভাইয়ের ধানমন্ডির বাসভবনের দরজা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। তিনি তিন ভাইয়ের মধ্যে সবার বড়।

বিজ্ঞাপন

তার মৃত্যুতে শোক জানিয়েছেন, বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফসহ দলীয় নেতাকর্মীগণ।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার শোকবার্তায় জানান,‘সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান বীরউত্তমের নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে আস্থাশীল মরহুম মির্জা শিপলু চুয়াডাঙ্গা জেলা বিএনপিকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন। এছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি, তিনি যেন মির্জা শিপলুকে জান্নাত নসিব করেন এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।’

বিএনপি মহাসচিব তার শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় চুয়াডাঙ্গার স্থানীয় টাউন ফুটবল মাঠে মরহুম মির্জা ফরিদুল ইসলাম শিপলুর জানাযা শেষ রেলবাজার সংলগ্ন জান্নাতুল মাওলা কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর