Tuesday 27 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

র‌্যাবের মতো সংগঠন দেশের নিরাপত্তার স্বার্থে প্রয়োজন: লুৎফুজ্জামান বাবর

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪২ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪২

জাতীয় সংসদে বক্তব্য রাখছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর – ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তার স্বার্থে র‌্যাবের মতো একটি শক্তিশালী সংগঠন অত্যন্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’-এর ওপর আলোচনাকালে তিনি এ মন্তব্য করেন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল-এর সভাপতিত্বে অধিবেশন চলাকালে স্বরাষ্ট্র বিষয়ক এই গুরুত্বপূর্ণ বিল নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, বিগত আমলের কিছু নেতিবাচক অভিজ্ঞতার কারণে বিরোধী দলের সদস্যরা কেবল সাম্প্রতিক সমস্যাগুলো দেখছেন। তবে র‌্যাবের প্রতিষ্ঠার প্রাথমিক সফলতা ও জঙ্গি-সন্ত্রাস দমনে এর অবদানকে ভুলে গেলে চলবে না।

বিজ্ঞাপন

লুৎফুজ্জামান বাবর বলেন, অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সাথে এ ধরনের বিশেষায়িত বাহিনীর কার্যক্রম পরিচালনা করা উচিত। অতীতের বিএনপি সরকারের আমলে দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশে এই বাহিনীকে কখনোই কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি।

তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতি, সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো ধরনের অভ্যন্তরীণ বা বৈদেশিকভাবে উসকে দেওয়া সন্ত্রাসী হামলা মোকাবিলা করতে এই বিশেষ বাহিনীর প্রয়োজনীয়তা অপরিসীম।

র‌্যাব পরিবর্তনের প্রেক্ষাপট তুলে ধরে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পূর্বে প্রধানমন্ত্রীর সাথে আলোচনার সময় তিনি বাহিনীর নাম বা কাঠামো সরাসরি পরিবর্তনের পক্ষে ছিলেন না, তবে সামগ্রিক নিরাপত্তার প্রেক্ষাপটে নতুন নামে ‘এসআরবি’ গঠন সময়োপযোগী পদক্ষেপ।

তিনি আরও বলেন, রাষ্ট্রের নিরাপত্তার গভীর স্বার্থে অনেক কিছু প্রকাশ্যে বলা সম্ভব না হলেও এই ধরনের একটি ফোর্সের উপস্থিতি আবশ্যিক। প্রস্তাবিত বিলটি এ মুহূর্তে সমর্থন করা উচিত এবং ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী এতে সংশোধন ও মূল্যায়ন করার সুযোগ রয়েছে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর