গত ২০২৪ সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশ-ভারত সম্পর্কের সর্বোচ্চ তলানিতে নেমে দযায়। এরপর নানা ইস্যুতে দুই দেশের কূটনীতিক সম্পর্ক উত্থান-পতনের মধ্য দিয়ে চলছে। বিগত অন্তর্বর্তী সরকারের আমলেও সম্পর্ক নতুন করে ‘রিসেট’ করার চেষ্টাও বিফলে গেছে। ফলে দেখা দিয়েছে দীর্ঘমেয়াদি স্থবিরতা। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের আগে থেকেই ভারত সম্পর্ক ‘রিসেট’ করার চেষ্টায় আছে। কিন্তু পরিস্থিতি এতোটাই নাজুক পর্যায়ে পৌছছে যে, আগামীতে কখন দুই নিকটতম প্রতিবেশীর সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে আসবে- তা নিশ্চিত নয়। কারণ এখন পর্যন্ত দুই দেশের নীতি নির্ধারকদের চাওয়া পাওয়ার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। এর মধ্যেই শেখ হাসিনাকে কেন্দ্র করে নতুন অস্বস্তি তৈরি হয়েছে।
বিএনপি সরকারের গত আট মাসে বেশ কিছু ঘটনা বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন করে প্রশ্ন তোলার সুযোগ করে দিয়েছে। সর্বশেষ শেখ হাসিনার ট্রাভেল পাস চাওয়া এবং পাসপোর্টের আবেদনের পরে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠেয় পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। সবমিলিয়ে বলা যায়, দুই দেশের সম্পর্কের উন্নয়নের চেষ্টা চললেও বারবার শেখ হাসিনা ইস্যুতে হোঁচট খাচ্ছে। বিশেষ করে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফিরে আসার ঘোষণায় পরিস্থিতি আরও নাজুক আকার ধারন করছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামী ১৭-১৮ নভেম্বর ঢাকায় দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ের এ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সংলাপটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনের প্রেক্ষিতে উভয়পক্ষের মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। সেই পরে পরিপ্রেক্ষিতে বৈঠকটি স্থগিত হয়েছে।
দুই দেশের মধ্যে কনস্যুলার সংলাপের পঞ্চম পর্ব ঢাকায় আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল। সংলাপে সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন এবং পারস্পরিক আইনি সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় আলোচনার জন্য নির্ধারিত ছিল। ২০১৭ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপের প্রক্রিয়া শুরু হয়। এখন পর্যন্ত দুই দেশের মধ্যে চার দফা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের মে মাসে নয়াদিল্লিতে চতুর্থ দফার সংলাপ অনুষ্ঠিত হয়।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতকে নতুন রাজনৈতিক বাস্তবতা মেনে নিয়ে সম্পর্কের গতিপথ নির্ধারণ করতে হবে। কারণ বাংলাদেশের সঙ্গে অতীতের পুনরাবৃত্তি করার আর সুযোগ নেই। দুই দেশকে নিজেদের স্বার্থ অনুযায়ী সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। বারবার যদি নতুন করে সম্পর্ক তৈরি করতে হয়, তাহলে স্থবিরতা কাটবে না।
সম্পর্ক পুনস্থাপনের একাধিক চেষ্টা
ক্ষমতার পটপরিবর্তনের পর ভারত অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানায় এবং সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর একাধিকবার বলেছেন, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক, কোনও একটি দলের সঙ্গে নয়। তবে টানাপোড়েনের মধ্যেও কূটনৈতিক চ্যানেল বন্ধ করা হয়নি। ২০২৪ সালের শেষ দিকে এবং ২০২৫ সালে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক, হাইকমিশনারদের মাধ্যমে নিয়মিত যোগাযোগ এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম, যেমন- বিমসটেক, জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সাইডলাইনে বৈঠক করা হয়েছে। বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে তৎকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরও স্থবিরতা কাটেনি। সংখ্যালঘু ইস্যুতে ভারতের পক্ষ থেকে বেশ কয়েকবার প্রকাশ্যে প্রতিক্রিয়া জানানো হলেও পরবর্তীকালে আলোচনা কূটনৈতিক চ্যানেলে শুরু হয়।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের ফেরার পর থেকেই দেশটির সরকারপ্রধানের পক্ষ থেকে পুনরায় সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা শুরু করা হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর তাকে শেষ শ্রদ্ধা জানাতে ভারত থেকে আসেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানেও ভারত থেকে সরকারের প্রতিনিধি পাঠানো হয়। দুইবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমান-কে ব্যক্তিগত চিঠি পাঠান। চিঠিতে নরেন্দ্র মোদি তারেক রহমান-কে পরিবারসহ ভারত সফরের আমন্ত্রণ জানান।
নতুন সরকার শপথের পর ঢাকায় নতুন হাইকমিশনার হিসেবে সাবেক মন্ত্রী দীনেশ ত্রিবেদীকে পাঠায় ভারত। তিনি দায়িত্ব গ্রহণ করেই ২০২৪ সালের ৩ আগস্ট থেকে বন্ধ থাকা ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দেন। এছাড়া কূটনৈতিক টানাপোড়েন থাকলেও বাণিজ্য বন্ধ হয়নি।
তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারত চেষ্টা করেছিল তাকে দেশটির সফরে নিতে রাজি করানোর। কিন্তু তারেক রহমান বাংলাদেশ ফার্স্ট নীতিকে ধারণ করে প্রথমে মালয়েশিয়ার পরে চীন সফরে যান। এরপর দ্বি-পাক্ষিক সফর হিসেবে জাপান এবং জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেন। পরে জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যান তিনি। চলতি মাসেই তার সৌদি আরব সফরে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে ভারত বিমসটেকের সভাপতি হিসেবে তারেক রহমান-কে ব্রিকসের সম্মেলনে যোগ দিতে আহ্বান জানান। কিন্তু বাংলাদেশ ব্রিকস সম্মেলনে যোগ দেননি। সেই কারণে কিছুটা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরে নিতে দেশটি এখন পর্যন্ত সফল হতে পারেনি। বাংলাদেশ সরকার বলেছে, আগামীতে সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন। এসব নিয়েও দুই দেশের মধ্যে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছে।
ভারতের সঙ্গে একাধিক দ্বন্দ্ব যেসব ইস্যুতে
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতের সঙ্গে দ্বন্দ্ব রয়েছে একাধিক ইস্যুতে। এর মধ্যে শেখ হাসিনা ইস্যুটি প্রধান। এছাড়া সীমান্তে পুশইন, সীমান্ত হত্যা, চোরাচালান এবং নিরাপত্তা ইস্যু নিয়েও আছে উদ্বেগ। বাংলাদেশ থেকে কয়েক দফা চিঠি দিয়ে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চাওয়া হয়েছে। কিন্তু চিঠির সন্তোষজনক কোনও জবাব দেয়নি ভারত বরং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জসওয়াল জানিয়েছেন, বাংলাদেশের অনুরোধ যাচাই-বাছাই করা হচ্ছে। এসব ছাড়াও গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে কোনও অগ্রগতি নেই। চলতি বছরের ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যায় অভিযুক্তদের ভারতে গ্রেফতার করা হলেও তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়েও কোনও অগ্রগতি নেই।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, দিল্লির নীতিনির্ধারকরা মনে করেন, শেখ হাসিনা ইস্যু এবং তিস্তার মতো বড় রাজনৈতিক ইস্যুগুলোতে দ্রুত সমাধান সম্ভব নয়। তাই ছোট ছোট বাস্তব পদক্ষেপ, যেমন- ভিসা সহজ করা, বাণিজ্য ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা—এর মাধ্যমেই আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে ভারত। তবে বাংলাদেশের সাধারণ মানুষের প্রত্যাশা আরও বেশি। বিশেষ করে সীমান্তে হত্যা বন্ধ, শেখ হাসিনার প্রত্যর্পণ। এসব বিষয়ে বড় অগ্রগতি না হওয়া পর্যন্ত ছোট উদ্যোগ দিয়ে সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক করা কঠিন বলেই মনে করছেন বিশ্লেষকরা।
এর আগে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দায়িত্ব নেন চলতি বছরের ২৫ জুন। দায়িত্ব গ্রহণের পর ১০ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ পান ভারতীয় হাইকমিশনার। তার আগের দিন ৯ আগস্ট পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভারতের রাষ্ট্রদূত। এসব বৈঠকে নিরাপত্তা ইস্যু, সীমান্ত ইস্যু, শেখ হাসিনার প্রত্যর্পণের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে শেখ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিত করার অনুরোধ জানানো হয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরপরে সরকারের বিভিন্ন মন্ত্রীর সঙ্গে একাধিক বৈঠক করেন ভারতের হাইকমিশনার। পরবর্তীতেও তিনি বাংলাদেশের অভিমত ভারতের প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
দুই প্রধানমন্ত্রীকে আলোচনার টেবিলে চায় ভারত
হাইকমিশনার দীনেশ ত্রিবেদী একাধিকবার উল্লেখ করেছেন, দুই দেশের মধ্যে আলোচনা করে সমাধান করা যাবে না— এমন কোন ইস্যু নেই। দুই নেতা একসঙ্গে বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। অর্থাৎ ভারত চাচ্ছে প্রধানমন্ত্রীর তারেক রহমানকে দিল্লিতে নিয়ে যেতে।
সাবেক একজন কূটনৈতিক এই প্রসঙ্গে বলেন, বাংলাদেশে এখন এক নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, যেখানে ভারত-বিরোধিতা বা ভারতের প্রতি সংশয় একটি বড় ফ্যাক্টর। শুধু একটি দলের সঙ্গে নয়, বাংলাদেশের সব অংশীজনের সঙ্গে সম্পর্ক তৈরিই হবে দীর্ঘমেয়াদে ভারতের জন্য লাভজনক। একইভাবে বাংলাদেশকেও মনে রাখতে হবে, ভৌগোলিক বাস্তবতায় ভারতকে উপেক্ষা করে অর্থনৈতিক ও নিরাপত্তা কৌশল সাজানো সম্ভব নয়। তিনি বলেন, ‘‘স্বার্থ এবং সমতার ভিত্তিতে সম্পর্ক পুনরুদ্ধার করতে হবে। এক্ষেত্রে বাংলাদেশের যেমন ভারতকে গুরুত্ব দিতে হবে, ভারতকেও নিজেদের স্বার্থে বাংলাদেশকে গুরুত্ব দিতে হবে।’’
সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির সারাবাংলাকে বলেন, শেখ হাসিনা ইস্যুতে দায় ভারতের অবশ্যই আছে এবং সে বিষয়ে তাদের সতর্ক হওয়ার প্রয়োজন ছিল। সরকারের সম্পৃক্ততা নেই—এমন কথা ভারতের দিক থেকে বলা হয়েছে। কিন্তু শেখ হাসিনা কোনও টেকনিক্যাল ইস্যু নয়, রাজনৈতিক ইস্যু।’
তিনি বলেন, সম্পর্কটা এখন যেখানে এসে দাঁড়িয়েছে, তাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা বড় বাধা, এতে কোনও সন্দেহ নেই। ভারত যদি বাংলাদেশকে সম্মান করে এবং মেনে নিয়ে থাকে যে, বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ঘটে গেছে, সেটাই হবে সমীচীন। এটা সম্পর্ককে এগিয়ে নিতে সহায়ক হবে। এর ব্যত্যয় যদি হয়, তবে তা সম্পর্কের ইতিবাচক পরিবর্তনে কোনও ভূমিকা রাখবে না। স্পর্শকাতরতা এড়িয়ে অভিন্ন স্বার্থের প্রতি মনোযোগী হতে হবে।
সরকার কী ভাবছে
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান সরকারের কৌশল হলো—চাপ এবং আলোচনা একসঙ্গে চালিয়ে যাওয়া। শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত হত্যা ইস্যুতে অনড় থাকা এবং অন্যদিকে বাণিজ্য, বিদ্যুৎ আমদানি, নিরাপত্তা সহযোগিতার মতো প্রয়োজনীয় ক্ষেত্রগুলোতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা। অর্থাৎ সরকারের লক্ষ্য হচ্ছে ভারতকে বোঝানো যে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে হলে দেশের জনগণের আকাঙ্ক্ষাকেও গুরুত্ব দিতে হবে।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে। গত ১৭ বছর যেভাবে সম্পর্ক ছিল, সেখান থেকে বেরিয়ে সমতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক গড়ে তোলা হবে। তিনি বলেন, ‘‘বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না।
ভারতের সর্বশেষ বক্তব্য।।
শুক্রবার ( ১৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন ‘বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। এরই ধারাবাহিকতায় বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে সুসংগঠিত কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেয়া হয়েছে এবং নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরও বলেন, ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপের পরবর্তী পর্বটি উভয় পক্ষের সুবিধাজনক কোনো সময়ে অনুষ্ঠিত হবে। সেখানে ভ্রমণের সংশোধিত ব্যবস্থাসংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হবে। বিদ্যমান এই কাঠামোগুলোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ভারত।
সামরিক বিমানে শেখ হাসিনার ফেরা নিয়ে বিবিসি বাংলায় প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে কোন বক্তব্য নেই।