Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাতেই পাকিস্তান ছাড়ছেন নাহিদ-রিশাদরা

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ মে ২০২৫ ১৮:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের সাথে চলমান সংঘাতের প্রভাবে নিরাপত্তাজনিত কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গতকাল (বৃহস্পতিবার) মধ্যরাতে আনুষ্ঠানিক এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে পিসিবি। পিএসএল খেলতে বর্তমানে পাকিস্তানেই অবস্থান করছেন বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। তাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আজ রাতেই বিশেষ ফ্লাইটের মাধ্যমে তাদের দুজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ (শুক্রবার) বিসিবির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক ভিডিওতে বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলে, ‘গত মঙ্গলবার থেকে দুই দেশের মধ্যে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, পার্শ্ববর্তী দেশ হিসেবে আমাদের মধ্যেও অত্যন্ত উদ্বিগতার সৃষ্টি করেছে। আমাদের দুজন ক্রিকেটার পাকিস্তানে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলছে। সেখান থেকে যখন প্রথম খবর পেয়েছি, আমাদের বোর্ড থেকে ক্রিকেট অপারেশন্সের (ইনচার্জ) শাহরিয়ার নাফীস সার্বক্ষণিক যোগাযোগ করেছে। আমি ব্যক্তিগত উদ্যোগে পিএসএল চেয়ারম্যানের সঙ্গে ফোনে কথা বলেছি, পিসিবি চেয়ারম্যানকেও বার্তা পাঠিয়েছি। প্রতিনিয়ত আমরা যোগাযোগের মধ্যে ছিলাম।’

বিজ্ঞাপন

গতকাল রাওয়ালপিন্ডি স্টেডিয়াম সংলগ্ন একটি রেস্টুরেন্টে বিধ্বস্ত হয় ভারতীয় ড্রোন। এরপর জরুরি এক বৈঠকের মাধ্যমে টুর্নামেন্টের বাকি অংশ আরব আমিরাতে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয় পিসিবি। যদিও পিসিবি চেয়েছিল, বাকি ম্যাচগুলো করাচিতে শেষ করতে। কিন্তু বিদেশি ক্রিকেটারদের আপত্তিতে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয় পাকিস্তান বোর্ডকে। সেই ধারাবাহিকতায় আজ রাতেই পিএসএল খেলতে চাওয়া সব বিদেশি ক্রিকেটারকে নিরাপদে সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

ফারুক আহমেদ বলেন, ‘এখন সবাইকে এক জায়গায় জড়ো করা হয়েছে। শুধু আমাদের ক্রিকেটারই নয়, অনেক বিদেশি ক্রিকেটার আছে। উদ্ভূত পরিস্থিতিতে একটা সম্মিলিত প্রচেষ্টা চালানো হচ্ছে কীভাবে ভালো একটা সমাধান করা যায়। গতকাল একটা বৈঠক হয়েছে। তারা চেষ্টা করবে, আজকে কোনো একটা সময়ে যেন সব ক্রিকেটারকে পাকিস্তান থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া যায়। একইসঙ্গে বোর্ড থেকে বাংলাদেশ হাই কমিশনের কর্তাদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।’

পিএসএল কভার করতে পাকিস্তানে আছেন বাংলাদেশের দুই ক্রীড়া সাংবাদিক তাসফিক পলক ও মাহরুশ প্রত্যয়। তাদেরও বিদেশি ক্রিকেটারদের সঙ্গে যেন নিরাপদে সরিয়ে নেয়া হয়, এই ব্যাপারে পিসিবির সাথে আলাদা করে আলাপ করেছেন ফারুক, ‘ওখানে আমাদের দুজন ক্রীড়া সাংবাদিকও আছেন। তাদের সঙ্গেও আমি কথা বলেছি। তাদের দুজনকেও যেন একসঙ্গে নিয়ে যাওয়া হয়, ক্রিকেট বোর্ড থেকে সেটিও বলে দিয়েছি। কারণ তারা পেশাগত দায়িত্ব পালনে গেছেন। তাই ক্রিকেট বোর্ড মনে করে, এখানে আমাদেরও দায়িত্ব আছে। তাই চেষ্টা করছি, তাদেরও যেন নিরাপত্তা নিশ্চিত করে ক্রিকেটারদের সঙ্গে একসঙ্গে নিরাপদ জায়গায় যেতে পারে।’

সারাবাংলা/জেটি