লক্ষ্মীপুর: ১৭ বছরের অপকর্মের কারণে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তাদের বিচ্ছিন্ন-বিক্ষিপ্ত অপকর্ম প্রতিহত করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের দত্তপাড়ায় মহিলা দলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট যারা পালিয়ে গেছে, ১৭ বছরের অপকর্মের কারণে তাদের সংগঠন নিষিদ্ধ হয়েছে। তাদের বিচ্ছিন্ন-বিক্ষিপ্ত অপকর্মের বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।’
বিরোধী দলগুলোর সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘বিএনপি মাত্র ৬ মাস সরকারে এসেছে, এত অল্প সময়ে সব কাজ করা সম্ভব নয়। কথায় কথায় বিরোধী দলের মিছিল, মিটিং, লংমার্চ বা রোডমার্চ করা মানানসই নয়।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেনসহ মহিলা দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।