Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দ্য হান্ড্রেড নিলামে বাংলাদেশের ২৩ ক্রিকেটার, শীর্ষে মোস্তাফিজুর রহমান

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেড-২০২৬ এর নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ২৩ জন ক্রিকেটার। এবারের তালিকায় বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের, কাটার মাস্টারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ লাখ পাউন্ড।

লন্ডনের বিখ্যাত পিকাডিলি লাইটসে আগামী ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত হবে এই নিলাম। ইংলিশ ক্রিকেট বোর্ড নিবন্ধিত ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে। এবারের আসরে ১৮টি দেশ থেকে প্রায় এক হাজার ক্রিকেটার অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য পেয়েছেন লেগ-স্পিনার রিশাদ হোসেন—৭৫ হাজার পাউন্ড। তালিকার বাকি ২১ জন ক্রিকেটারের প্রত্যেকের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৩১ হাজার পাউন্ড করে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২১ সালে টুর্নামেন্টটি শুরু হওয়ার পর এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটার এই লিগে খেলার সুযোগ পাননি।

নিলামের নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারী আটটি দল প্রথমে তাদের পছন্দের প্রায় ৭৫ থেকে ১০০ জন ক্রিকেটারের একটি প্রাথমিক তালিকা জমা দেবে। পরে দলগুলোর সম্মিলিত আগ্রহের ভিত্তিতে প্রায় ২০০ জন ক্রিকেটারের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। চূড়ান্তভাবে এই সংক্ষিপ্ত তালিকায় থাকা ক্রিকেটারদের নামই নিলামের টেবিলে তোলা হবে।

নিলামে থাকা ২৩ বাংলাদেশি ক্রিকেটার হলেন—মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস, শেখ মাহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, হাসান মাহমুদ, রিপন মন্ডল, মোহাম্মদ নাঈম, নাহিদ রানা, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাব্বির রহমান ও সৌম্য সরকার।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর