Thursday 05 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তান সিরিজের দল ঘোষণা, ফিরলেন লিটন-আফিফ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ১৯:৫১ | আপডেট: ৬ মার্চ ২০২৬ ০২:০১

পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার লিটন কুমার দাস ও আফিফ হোসেন ধ্রুব। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক। বাদ পরেছেন অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারিও।

লিটন গত বছর জুলাইয়ে শ্রীলঙ্কা সফরের পর থেকেই ওয়ানডে দলের বাইরে ছিলেন। ৫০ ওভারের ক্রিকেটে তার পারফরম্যান্স ছিল হতাশাজনক, ঘরোয়া ক্রিকেটেও তিনি উল্লেখযোগ্য রান করতে পারেননি। সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) তিন ম্যাচে তার রান ছিল মাত্র ১০, ৫৫ ও ০। তবুও নির্বাচকরা তাকে মিডল অর্ডারে বিকল্প হিসেবে বিবেচনায় নিয়েছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, আফিফ হোসেন ২০২৪ সালের ডিসেম্বরে শেষবার আন্তর্জাতিক ওয়ানডে খেলেছিলেন। এরপর থেকে তিনি অনেকদিন জাতীয় দলের বাইরে। তবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো খেলে নির্বাচকদের নজর কাড়েন। সর্বশেষ বিসিএলে ৮৬ বলে ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন আফিফ। মাঝের সময়ে ১৪টি লিস্ট ‘এ’ ম্যাচে ৩৭.১৬ গড়ে তিনি করেছেন ৪৪৬ রান। এসবই দলে ফেরাতে সাহাস্য করেছে আফিফকে।

লিটন ও আফিফের ফিরে আসার ব্যাখ্যা দিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘আমরা মিডল অর্ডারে বেশ কিছু খেলোয়াড়কে সুযোগ দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের মধ্যে কেউ কেউ নিজেদের জায়গা ধরে রাখার মতো যথেষ্ট পারফরম্যান্স করতে পারেননি। বিষয়টি বিবেচনায় নিয়ে আফিফ হোসেনকে ফিরিয়ে আনা হয়েছে। সে দলের জন্য মূল্যবান অভিজ্ঞতা নিয়ে আসবে এবং বর্তমানে তাকে বেশ ছন্দেই মনে হচ্ছে। মাহিদুল ইসলাম ভূঁইয়াকে দলে রাখা হয়েছে এবং তার প্রতিভার সাক্ষর রাখার জন্য এটি একটি ভালো সুযোগ।’

‘ওয়ানডেতে লিটন দাসের সাম্প্রতিক ফর্ম নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু সে নিজের ব্যাটিং নিয়ে কোচদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। আমাদের বিশ্বাস, সে দ্রুতই এই ফরম্যাটে নিজের সেরাটা দিতে পারবে এবং আমরা তাকে মিডল অর্ডার শক্তিশালী করার একটি বিকল্প হিসেবে বিবেচনা করছি।’

দুই উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান ও জাকের আলি অনিক অনেকদিন যাবতই অফ ফর্মে। ঘরোয়া ক্রিকেটেও রান করতে ব্যর্থ। ফলে দলে রাখা হয়নি তাদের। পেসার হাসান মাহমুদ এখনও ডান হাতে ‘টেনিস এলবো’ সমস্যায় ভুগছেন এবং তানজিম হাসান সাকিব পিঠের চোট কাটিয়ে উঠছেন, ফলে তারাও দলে নেই।

মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামী ১১ মার্চ, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে ১৩ ও ১৫ মার্চ।

বাংলাদেশের ওয়ানডে দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর