স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশেষ আয়োজনে মাঠে নামছেন দেশের সাবেক তারকা ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও আয়োজন করেছে ‘ইন্ডিপেনডেন্স ডে এক্সিবিশন ক্রিকেট ম্যাচ-২০২৬’। এই প্রদর্শনী টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে লাল দল ও সবুজ দল।
আগামীকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটে শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। মহান স্বাধীনতা দিবসের দিনে সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে এই ম্যাচ ঘিরে প্রতিবারই বাড়তি আগ্রহ থাকে ক্রিকেটপ্রেমীদের।
লাল দলের হয়ে খেলবেন দেশের অন্যতম জনপ্রিয় সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, সঙ্গে আছেন মোহাম্মদ রফিক, খালেদ মাহমুদ পাইলট ও ইলিয়াস সানি-এর মতো অভিজ্ঞরা। অন্যদিকে সবুজ দলের নেতৃত্বে থাকবেন শাহরিয়ার নাফিস, তার সঙ্গে খেলবেন জাভেদ ওমর বেলিম, তুষার ইমরান ও আব্দুর রাজ্জাক।
তবে এবারের ম্যাচে অংশ নিচ্ছেন না দেশের কয়েকজন অভিজ্ঞ সাবেক তারকা ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন হাবিবুল বাশার সুমন, মিনহাজুল আবেদিন নান্নু ও আকরাম খান।
বিসিবি সবুজ দল: শাহরিয়ার নাফিস, জাভেদ ওমর বেলিম, হান্নান সরকার, নাদিফ চৌধুরী, ফয়সাল হোসেন ডিকেন্স, তুষার ইমরান, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, মোহাম্মদ সেলিম, তালহা জুবায়ের, আনোয়ার হোসেন মনির, আব্দুর রাজ্জাক, হাসিবুল হোসেন শান্ত, জামাল উদ্দিন বাবু ও হাসানুজ্জামান ঝরু।
বিসিবি লাল দল: জাহাঙ্গীর আলম, মেহরাব হোসেন অপি, মোহাম্মদ আশরাফুল, নাসির উদ্দিন ফারুক, মোহাম্মদ রফিক, মোহাম্মদ এহসানুল হক, খালেদ মাহমুদ পাইলট, আনোয়ার হোসেন (উইকেটকিপার), তারেক আজিজ খান, মাহবুবুল আলম রবিন, ডলার মাহমুদ, ইলিয়াস সানি, মুশফিকুর রহমান বাবু ও সাজ্জাদ আহমেদ শিপন।