Sunday 29 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবশেষে দেশে ফিরলেন বুলবুল

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ২১:৪৬

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গতকাল রাতে জাপান সফর শেষে ঢাকায় পৌঁছান এবং আজই মিরপুরে বোর্ড কার্যালয়ে দেখা গেছে তাকে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করা বুলবুল গত ২৭ ও ২৮ মার্চ জাপানে একটি গুরুত্বপূর্ণ সভায় অংশ নেন। এর আগে তিনি প্রায় এক মাস পরিবারের সঙ্গে মেলবোর্নে ছিলেন।

বুলবুলের দেশে ফেরার পর পুরনো আলোচনা নতুন করে উঠছে—কবে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ?

ক্রিকেটের ভরা মৌসুমে এখন চলার কথা দেশের একমাত্র লিস্ট ‘এ’ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ। কিন্তু বোর্ড ও শীর্ষ ক্লাবগুলোর দ্বন্দ্বে লিগ কার্যত স্থবির হয়ে আছে। এর আগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের লিগগুলোর অবস্থাও ছিল বিশৃঙ্খল। ৫০টিরও বেশি ক্লাব বোর্ডের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গত বোর্ড নির্বাচনকে অবৈধ দাবি করে এই বোর্ডের অধিনে ক্রিকেট না খেলার কথা বলে আসছে ক্লাবগুলো।

বিজ্ঞাপন

ঢাকার ক্লাব ক্রিকেট পরিচালনাকারী সংস্থা ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) কার্যত অকার্যকর হয়ে পড়েছে। কমিটির চেয়ারম্যান আদনান দীপন কোথায় আছেন, সে বিষয়েও নিশ্চিত নন কমিটির সদস্যরা। সিসিডিএমের এক কর্মকর্তা জানান, মৌসুমের এই সময়টায় ব্যস্ত থাকার কথা থাকলেও তারা এখন অলস সময় পার করছেন, যেখানে বোর্ডের অন্য বিভাগগুলো আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ব্যস্ত।

ঢাকা প্রিমিয়ার লিগের মতো বড় টুর্নামেন্ট মাঠে না গড়াতে ক্রিকেটারদের মধ্যে হতাশা, ক্ষোভ বাড়ছে। কারণ ক্রিকেটই ক্রিকেটারদের রুজি। সেটা বন্ধ হয়ে পড়াতে সমস্যায় পরেছেন ক্রিকেটাররা। এছাড়া ঢাকা প্রিমিয়ার দেশের অন্যতম প্রতিযোগিতমূলক টুর্নামেন্টও। সামনে হোম ও অ্যাওয়ে সিরিজ মিলিয়ে ১৯টি ওয়ানডে ম্যাচ খেলবে জাতীয় দল—এমন পরিস্থিতিতে নিজেদের প্রস্তুত করার বড় সুযোগ ছিল এই লিগ।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

অবশেষে দেশে ফিরলেন বুলবুল
২৯ মার্চ ২০২৬ ২১:৪৬

আরো

সম্পর্কিত খবর