Friday 17 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউজিল্যান্ডের ৫ উইকেট তুলে নিল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৬ ১৪:২৫ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৫:০৩

টসে আগমুহূর্তে ইনজুরিতে পরায় নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন মোস্তাফিজুর রহমান। তবে মোস্তাফিজের অনুপস্থিতিতে বাংলাদেশের বোলিংটা বেশ ভালোই হচ্ছে।

দেড়শ পেরুতেই নিউজিল্যান্ডের ৫ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। তার মধ্যে মোস্তাফিজের বদলে একাদশে জায়গা পাওয়া শরিফুল ইসলামই নিয়েছেন দুই উইকেট।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৩৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান।

শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। বাংলাদেশি বোলারদের টাইট বোলিংয়ের বিপক্ষে শুরুতে দেখেশুনে এগিয়েছেন কিউইরা। নতুন বলে দুর্দান্ত বোলিং করেছেন শরিফুল ইসলাম।

বিজ্ঞাপন

ইনিংসের সপ্তম ওভারে উইকেট এনে দেন পিএসএলে দুর্দান্ত বোলিং করে আসা শরিফুল। তার লেংথ বলে পুল করতে গিয়ে বল স্ট্যাম্পে টেনে আনেন নিক কেলি। দ্বিতীয় উইকেটে শক্ত একটা জুটি গড়ার চেষ্টা করেছেন হেনরি নিকোলাস আর উইল ইয়ং। দলীয় একশর কাছাকাছি গিয়ে ইয়ংকে ফিরিয়ে এই জুটি ভেঙেছেন রিশাদ হোসেন।

দলীয় ১২৭ রানের মাথায় অধিনায়ক টম লাথামকে সরাসরি বোল্ড করেন মেহেদি হাসান মিরাজ। খানিক বাদে সবচেয়ে বড় বাঁধা হেনরি নিকোলাসকে ফেরান রিশাদ। রিশাদকে সুইপ খেলতে গিয়ে মাথার ওপর ক্যাচ তুলে দেন নিকোলাস। লিটন দাস সহজেই তা লুফে নিলে ৯ চারে ৮৩ বলে ৬৮ রানে ইনিংসটি সেখানেই থেমে যায়।

দলীয় ১৬৫ রানের মাথায় মুহাম্মদ আব্বাসকে ফিরিয়ে নিউজিল্যান্ডের চাপ বাড়িয়েছেন শরিফুল ইসলাম। দারুণ এক সুইং বলে আব্বাসকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়েছেন শরিফুল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর