Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে প্রধানমন্ত্রী
তোমাদের বাংলাদেশের দায়িত্ব নিতে হবে, ইউ আর দি ফিউচার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২ মে ২০২৬ ১৯:০২ | আপডেট: ৩ মে ২০২৬ ১০:০৭

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

সিলেট: শিশু-কিশোরদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তোমাদের বাংলাদেশের দায়িত্ব নিতে হবে। কারণ, ইউ আর দি ফিউচার। তোমরাই হচ্ছ বাংলাদেশের ভবিষ্যৎ। তোমাদের মধ্য থেকে ইনশাআল্লাহ ভবিষ্যতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে। বড় বড় ডাক্তার, ল-ইয়ার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট তৈরি হবে। তোমাদের ভেতর থেকে ভবিষ্যতে নেতৃত্ব তৈরি হবে, এই দেশকে তোমরা নেতৃত্ব দেবে।

শনিবার (২ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে জাতীয় পর্যায়ের এই মেগা ক্রীড়া কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ সব কথা বলেন।

ছাত্র-জনতার ভুয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা এই দেশকে আবার স্বাধীন করেছে। তোমাদের ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীনতা লাভ করেছি, স্বাধীনভাবে কথা বলতে পারছি।’

বিজ্ঞাপন

লন্ডনে থাকার সময়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, “সেখানে এক রেস্টুরেন্টে বসে খাবার টেবিলে আলাপচারিতার মাঝেই বাংলাদেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর পরিকল্পনা করেছিলাম।”

উদ্বোধনকালে নিজের স্মৃতির কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘আমি তখন লন্ডনে থাকতাম। তখন আমার সাথে তোমাদের আন্টি (তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান), আমিনুল (বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক) ও কয়সার গিয়েছিল। তখন আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করছিলাম। এক পর্যায়ে আমরা খাবার টেবিলে বসে স্পোর্টস নিয়ে কথা বলতে বলতে ঠিক করলাম আমরা ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করব বাংলাদেশে।”

মাঠে উপস্থিত শিশু-কিশোরদের উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা হচ্ছে তোমাদের অনুষ্ঠান। আমি চাই এই যে, তোমরা যারা এখানে বসে আছো, সারা বাংলাদেশে আজকে যারা স্টেডিয়ামগুলোতে বসে আছো ছোট বন্ধুরা, ইনশাআল্লাহ তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। তোমরা প্রত্যেকে একেকজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে।’

এর আগে বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। তবে তার আগে থেকেই পুরো স্টেডিয়াম জুড়ে ছিল উৎসবের আমেজ। বিকেল পৌনে ৪টায় জাতীয় সঙ্গীতের ইনস্ট্রুমেন্টাল সুর বাজানো হয়। এ সময় প্রধানমন্ত্রীসহ গ্যালারিতে উপস্থিত বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও সিলেটের সর্বস্তরের মানুষ দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানান। এরপর পবিত্র কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করেন শিক্ষার্থীরা। পরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর ওপর একটি প্রামাণ্যচিত্র পরিবেশন করা হয়।

এই কর্মসূচির আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা অংশ নিতে পারবে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, অ্যাথলেটিক্স, সাঁতার ও মার্শাল আর্ট- এই আটটি খেলাকে কেন্দ্র করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পুরো প্রতিযোগিতাকে ১০টি অঞ্চলে ভাগ করা হয়েছে। আগামী ১৩ থেকে ২২ মে’র মধ্যে আঞ্চলিক পর্যায়ের সব কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, মেধাবী শিশু-কিশোরদের বিকাশে ১৯৭৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘নতুন কুঁড়ি’ সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচনা করেছিলেন। দীর্ঘ সময় বন্ধ থাকার পর সেই জনপ্রিয় ব্র্যান্ডটিকেই এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে ক্রীড়াঙ্গনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ হিসেবে ফিরিয়ে আনা হলো। এ আয়োজনের মাধ্যমে সিলেটের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান, বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থা মন্ত্রী আরিফুল হক চৌধুরী, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থী শাম্মী আক্তারসহ সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতা এবং প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

আবারও বাড়ল সোনার দাম
৭ মে ২০২৬ ১১:৫৪

আরো

সম্পর্কিত খবর