ঢাকা: তুরস্কের কোনিয়াতে অনুষ্ঠিত ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২৬’-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে মুসলিম বিশ্বের তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
সোমবার (১১ মে) উদ্বোধন অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন তিনি। সেখানে তিনি ওআইসিভুক্ত দেশগুলোর তরুণ প্রজন্মের মধ্যে সহযোগিতা ও সংহতি আরও জোরদার করার জোরালো আহ্বান জানান।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, ওআইসি ইয়ুথ ক্যাপিটাল কর্মসূচি মুসলিম বিশ্বের তরুণদের জন্য সাংস্কৃতিক বিনিময় এবং নীতি উদ্ভাবনের একটি অনন্য প্ল্যাটফর্ম। জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল নৈতিকতার মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এ প্ল্যাটফর্মটি তরুণদের জন্য শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে।
তিনি আরও উল্লেখ করেন, সদস্য দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং একটি সমৃদ্ধ ও যৌথ ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে বাংলাদেশ এ সম্মেলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে।
দেশের প্রেক্ষাপট তুলে ধরে আমিনুল হক বলেন, ‘বাংলাদেশ বর্তমানে ঐতিহাসিক “জনমিতিক লভ্যাংশ” উপভোগ করছে, কারণ দেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশই তরুণ।’
যুব উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি আরও বলেন, জাতীয় যুব ও উদ্যোক্তা নীতিমালার মাধ্যমে তরুণদের দক্ষ করে গড়ে তোলা হচ্ছে এবং স্বল্প সুদে ঋণ ও স্টার্ট-আপ গ্র্যান্ট দিয়ে তাদের উদ্যোক্তা হওয়ার পথ সুগম করা হচ্ছে।
প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, সরকারের লক্ষ্য হলো এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে দেশের প্রত্যন্ত অঞ্চলের কোনো তরুণের মেধা ও আইডিয়া বৈশ্বিক প্রতিষ্ঠানে রূপ নিতে পারে।
তিনি খেলাধুলাকে জাতি গঠনের হাতিয়ার হিসেবে বর্ণনা করে একটি ঐক্যবদ্ধ ইসলামি বিশ্ব গঠনে ‘ওআইসি গেমস’ আয়োজনেরও প্রস্তাব পেশ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রী এইচ.ই. ওসমান আসকিন বাক, ওআইসি সচিবালয়ের যুব ও ক্রীড়া বিভাগের প্রধান ড. বুবাকারি মাইগা, কোনিয়ার গভর্নর ইব্রাহিম আকিন এবং তুরস্কের একে পার্টির ডেপুটি চেয়ারম্যান আহমেদ বুইউকগুমুস।