Tuesday 09 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৯ জুন ২০২৬ ২০:১২ | আপডেট: ৯ জুন ২০২৬ ২০:১৩

২০০৫, কার্ডিফ এবং মোহাম্মদ আশরাফুলের সেই কাব্যিক সেঞ্চুরি- সেদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। তারপর কেটে গেছে ২১টি বছর। অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে আরেকটা জয় পেল বাংলাদেশ। ব্যাট-বল দুই বিভাগেই দাপট দেখিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ ৮৬ রানে জিতেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ৯ উইকেট হারানোর পরে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। পরে বৃষ্টি আইনে খেলার ফল নির্ধারণ হয়েছে।

মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিমের ফিফটিতে আগে ব্যাটিং করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৮৪ রান তোলে বাংলাদেশ। পরে বল হাতে আরও দুর্দান্ত টাইগাররা। নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকতরা দাঁড়াতেই দেননি অজিদের।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলেতেই এসেছে দীর্ঘ ১৯ বছর পর। এই আসাতেই মিলল বাংলাদেশের দ্বিতীয় জয়। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ।

মঙ্গলবার (৯ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিং করতে নেমে প্রথম বলেই উইকেট পেয়েছে বাংলাদেশ।

তাসকিন আহমেদের করা ইনিংসের প্রথম ডেলিভারিতে সরাসরি বোল্ড হয়েছেন ম্যাথু শর্ট। পরের ওভারের দ্বিতীয় বলে মার্নাস লাবুশানকে ফেরান মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজের ভেতরে ঢোকা এক ডেলিভারি প্যাডে আঘাত করে লাবুশনের। পরে আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে উইকেট পেয়েছে বাংলাদেশ।

খানিক বাদে অরেকটা উইকেটও পেতে পারত স্বাগতিকরা। মোস্তাফিজের বলে স্লিপে ক্যাচ উঠে। কিন্তু সহজ ক্যাচ নিতে পারেননি তানজিদ হাসান তামিম। তবে সেই আক্ষেপ বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুর্দান্ত ফর্মে থাকা নাহিদ রানা বোলিংয়ে আসতেই আরও চাপে পরে অস্ট্রেলিয়া।

দলীয় ৫১ রানের মাথায় অজি অধিনায়ক জশ ইংলিসকে ফেরান নাহিদ রানা। খানিক বাদে ওপেনিংয়ে নেমে অনেকক্ষণ ক্রিজে থাকা কুপার কনোলিকে সরাসরি বোল্ড করেছেন মোসাদ্দেক হোসেন। পাঁচে নেমে ইনিংসের হাল ধরতে চেয়েছিলেন অ্যালেক্স ক্যারি। কিন্তু অজি কিপারকে খুব বড় ইনিংস খেলতে দেননি নাহিদ। ব্যক্তিগত ৪৭ রানের মাথায় নাহিদ রানার বলে ক্যাচ তুলে দেন ক্যারি। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।

ক্যামেরুন গ্রিন শেষ পর্যন্ত অপরাজিত থেকে চেষ্টা করে গেছেন। কিন্তু তাকে সঙ্গ দিতে পারেননি কেউ। নাহিদ রানা, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমানদের বিপক্ষে নিয়মিত উইকেট হারিয়ে দুইশর অনেক আগেই গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া।

শেষ পর্যন্ত ৪২.২ ওভারে ৯ উইকেটে অস্ট্রেলিয়া যখন ১৯১ তখন বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। পরে বৃষ্টি আইনে ৮৬ রানের জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে নাহিদ রানা ১০ ওভারে ৪১ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। মোসাদ্দেক হোসেন ১০ ওভারে ৩৭ রানে নিয়েছেন দুটি উইকেট।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর