Wednesday 10 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার আইসিসির মাসসেরা পুরস্কারের মনোনয়নে মুশফিক ও তাইজুল

স্পোর্টস করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৬ ২০:৪৩

গতমাসে আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন বাংলাদেশের তরুণ ফাস্ট বোলার নাহিদ রানা। এই মাসে মাসেসেরা পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম। আইসিসির নিয়ম অনুযায়ী, মাসসেরা পুরস্কারের জন্য প্রথমে তিনজন ক্রিকেটারকে মনোনিত করা হয়। পরে তাদের মধ্য থেকে একজনকে বিজয়ী ঘোষণা করা হয়। মুশফিক ও তাইজুলের সঙ্গে তৃতীয় ক্রিকেটার হিসেবে মনোনয়ন পেয়েছেন নেপালের অলরাউন্ডার দীপেন্দ্র সিং ঐরি।

বুধবার প্রকাশিত আইসিসির মাসসেরা ক্রিকেটারের মনোনয়নের তালিকায় প্রকাশ করে আইসিসি। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই এই মনোনয়ন পেয়েছেন মুশফিক-তাইজুল।

বিজ্ঞাপন

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সেই সিরিজে বল হাতে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

দুই টেস্টে ১৯.৬১ গড়ে মোট ১৩ উইকেট শিকার করে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি হন তিনি। বিশেষ করে সিলেটে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১২০ রানে ৬ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে বড় ধস নামান এই অভিজ্ঞ স্পিনার।

অন্যদিকে ব্যাট হাতে সিরিজজুড়ে ধারাবাহিকতা দেখিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন মুশফিকুর রহিম। দুই ম্যাচে ৬৩.২৫ গড়ে ২৩৫ রান করেন তিনি। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৭১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পর দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ১৩৭ রান করে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বাংলাদেশের দুই তারকার পাশাপাশি মনোনয়ন পেয়েছেন নেপালের অলরাউন্ডার দীপেন্দ্র সিং ঐরি। মে মাসে কীর্তিপুরে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপ লিগ-টু ম্যাচগুলোতে ব্যাট ও বল হাতে সমানভাবে উজ্জ্বল ছিলেন তিনি।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একটি সেঞ্চুরিসহ ছয়টি ওয়ানডে ম্যাচে ৪৯.৮০ গড়ে ২৪৯ রান করেন দীপেন্দ্র। তার স্ট্রাইক রেট ছিল ১১০.৬৬। এছাড়া বল হাতে ৮টি উইকেট শিকার করে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই অলরাউন্ডার।

এই তিনজনের একজনকে মাসসেরা হিসেবে নির্বাচিত করা হবে।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর