এশিয়ান গেমস খেলতে দেশ ছাড়ার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ব্যাটে-বলে ভালোই প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টিম ‘এ’ ১১ রানে হারিয়েছে টিম ‘বি’কে। ব্যাট হাতে সাইফ হাসান ও মোসাদ্দেক হোসেন সৈকত ঝড় তুলেছেন আর বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন মোস্তাফিজুর রহমান।
টস জিতে টিম ‘এ’র হয়ে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের ওপর চড়াও হন সাইফ। রিপন মন্ডল, মৃত্যুঞ্জয় চৌধুরি, নাসুম আহমেদ ও ইকবাল হোসেন ইমন—কেউই থামাতে পারেননি তাকে।
শেষ পর্যন্ত স্বেচ্ছায় মাঠ ছাড়ার আগে ৫২ বলে ৭৭ রান করেন সাইফ। তার ইনিংসে ছিল ২ চার ও ৬ ছক্কা। আরেক ওপেনার তানজিদ হাসান তামিম ১৪ বলে ২৪ রান করেন, যেখানে ছিল ১ চার ও ৩ ছক্কা। নির্ধারিত ২০ ওভারে ১৬৬ রান তোলে টিম ‘এ’। টিম ‘বি’র বোলারদের মধ্যে রিপন মন্ডল ছিলেন সফল। ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।
রান তাড়ায় শুরুটা ভালো হয়নি টিম ‘বি’র। সৌম্য সরকার ১৮ বলে ১৭ রান করে ফিরে যাওয়ার পর দলের ইনিংস সামলানোর দায়িত্ব নেন নাঈম শেখ ও মোসাদ্দেক সৈকত।
দুজনের জুটিতে আসে ৩৮ বলে ৬৭ রান। এর মধ্যে সৈকতের ব্যাটিং ছিল বেশ আগ্রাসী। মাত্র ২২ বলে ৪৬ রান করেন তিনি। ১ চার ও ৫ ছক্কার এই ইনিংস শেষ হওয়ার পর নাঈমও বেশিক্ষণ টিকতে পারেননি। ২ চার ও ২ ছক্কায় ৩৬ বলে ৪০ রান করে ফেরেন বাঁহাতি ব্যাটার। নুরুল হাসান সোহান ২০ বলে ২৯ রান করলেও শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারেনি টিম ‘বি’। নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৫৫ রানেই থামে তাদের ইনিংস।
টিম ‘এ’র জয়ে বড় অবদান রাখেন মোস্তাফিজ। বাঁহাতি এই পেসার ৩ ওভারে মাত্র ১৫ রান খরচ করে নেন ৩ উইকেট। তার করা ১৮ বলের মধ্যে ১১টিই ছিল ডট বল।
এশিয়ান গেমসের প্রস্তুতি হিসেবে দুই দলে ভাগ হয়ে এর আগেও একটা ম্যাচ খেলেছেন ক্রিকেটাররা। তবে সেটাতে বেশি রান উঠেনি। আজ সেই আক্ষেপ কিছুটা ঘুচল বটে। আগামী ২৯ অক্টোবর কোয়ার্টার-ফাইনাল দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়ান গেমস অভিযান।