ইংলিশ ক্লাব ফুলহামের একাডেমির ২০২৬ সালের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের জাতীয় দলের ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড জিতেছেন ক্লাবের কিংবদন্তি জনি হেইনেসের নামে দেওয়া ‘জনি হেইনেস ট্রফি’। ক্লাবের খেলোয়াড় ও কোচিং স্টাফদের ভোটে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন ফারহান।
বৃহস্পতিবার রাতে ফারহানের নাম ঘোষণা করে ফুলহাম। ২০১৯ সাল থেকে একাডেমির সেরা খেলোয়াড়কে এই পুরস্কার দিয়ে আসছে ক্লাবটি। এবার সেই স্বীকৃতি পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ, যিনি সম্প্রতি বাংলাদেশের জাতীয় দলের হয়ে নিজের প্রথম ম্যাচ খেলেই গোল পেয়েছেন।
পুরস্কার জিতে সতীর্থদের অবদানের কথা উল্লেখ করেছেন ফারহান। ফুলহামের ওয়েবসাইটে নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘এ পুরস্কারের জন্য সতীর্থদের ভোট পাওয়াটা দারুণ ব্যাপার, অত্যন্ত তৃপ্তিদায়ক অনুভূতি। সতীর্থদের ছাড়া আমি এটি অর্জন করতে পারতাম না। তারাই মানদণ্ড ঠিক করে দেয়, অনুপ্রেরণা জোগায় ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ তৈরি করে, যা আমাকে ভালো খেলোয়াড় হয়ে উঠতে সাহায্য করেছে। অতীতে যারা এই ট্রফি জিতেছে, তাদের নামের তালিকায় তাকালে বোঝা যায় এটি কত বিশেষ এক অর্জন।’
ফারহান এই স্বীকৃতি পেয়েছেন গত মৌসুমে ধারাবাহিক পারফরম্যান্সের কল্যাণে। ফুলহামের অনূর্ধ্ব-২১ দলের হয়ে প্রিমিয়ার লিগ টুতে ২১ ম্যাচে ১৭টি গোলে অবদান রাখেন তিনি। তার পারফরম্যান্সে প্রতিযোগিতাটিতে চতুর্থ স্থানে থেকে মৌসুম শেষ করে দলটি। ২০২৫ সালের নভেম্বরে লিগের মাসসেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন ফারহান।
চেলসির একাডেমিতে ফুটবলের প্রাথমিক পাঠ নেওয়া ফারহান ২০১৯ সালে যোগ দেন ফুলহামে। পরে ক্লাবটির সঙ্গে পেশাদার চুক্তি করেন। চলতি মৌসুমে নিয়মিত খেলার লক্ষ্যে ধারে ইংল্যান্ডের পঞ্চম স্তরের ক্লাব বোরহাম উডে যোগ দিয়েছেন এই তরুণ।
গত মাসে বাংলাদেশের জাতীয় দলে অভিষেক হয় ফারহানের। ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের জার্সিতে প্রথমবার মাঠে নেমেই গোল পেয়েছেন।
জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা নিয়ে ফারহান বলেন, ‘দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য সত্যিই দারুণ এক ব্যাপার ছিল। এটি আমার ও আমার পরিবারের জন্য অত্যন্ত গর্বের একটি মুহূর্ত এবং দলের হয়ে একটি গোল করতে পেরে আমি আনন্দিত। প্রায় ৫০ হাজার দর্শকের সামনে ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল করেছি, আর স্টেডিয়ামের পরিবেশ এই অভিজ্ঞতাকে সম্পূর্ণ অন্য রকম এক উচ্চতায় নিয়ে যায়।‘
২০০৬ সালের ৯ ডিসেম্বর ইংল্যান্ডে জন্ম ফারহানের। তার পারিবারিক শিকড় বাংলাদেশের সিলেটে, বাবার বাড়ি সিলেটে। ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ থাকলেও শেষ পর্যন্ত বাংলাদেশের জাতীয় দলকে বেছে নেন ফারহান।