অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ের দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ নারী দল। ব্রিসবেনে ১৬৬ রানে গুটিয়ে যাওয়ার পর স্বাগতিকদের ব্যাটিংয়ের সামনে প্রতিরোধও গড়তে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। ১৪৬ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার মাটিতে এটিই দুই দলের প্রথম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের এই সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। আজকের হারে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-0তে পিছিয়ে পড়ল বাংলাদেশ।
রান তাড়ায় নেমে জর্জিয়া ভোলকে দ্রুত হারালেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে বেশি সময় নেয়নি অস্ট্রেলিয়া। দ্বিতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়ের আশা কার্যত শেষ করে দেন ফোবে লিচফিল্ড ও বেথ মুনি। লিচফিল্ড ব্যাট করেছেন দাপুটে। ৫৭ বলে ৭৭ রান করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান তিনি।
লিচফিল্ড ফেরার পর বেথ মুনিও ১২ বলে ১৩ রান করে আউট হন। তবে ততক্ষণে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজনীয় কাজ অনেকটাই হয়ে গেছে। এলিস পেরি ২৬ ও অ্যানাবেল সাদারল্যান্ড ২৫ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। বাংলাদেশের হয়ে হাবিবা ইসলাম দুটি এবং রাবেয়া খান একটি উইকেট নেন।
এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক। ইনিংসের প্রথম বলেই ফারজানা হককে হারায় বাংলাদেশ। শারমিন সুলতানা করেন ৪ রান। শারমিন আক্তার ২৪ রান করে কিছুটা প্রতিরোধ গড়লেও শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে দল।
সেখান থেকে ইনিংস সামলানোর চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা। রানের চিন্তা বাদ দিয়ে একপ্রান্ত আগলে রেখে ক্রিজে পড়ে থাকার চেষ্টা করে গেছেন জ্যোতি। শবানা মোস্তারিও ফিরলে বাংলাদেশের রান তোলার গতি আরও কমে যায়। স্বর্ণা আক্তার করেন ২১ রান।
শেষ দিকে রিতুমনি ৬৩ বলে ৪৫ রান করে দলের স্কোর বলার মতো একটা জায়গায় নিয়ে গেছেন। রাবেয়া খান ১১ ও নাহিদা আক্তার অপরাজিত ১৯ রান যোগ করেন। তবু পুরো ৫০ ওভার খেলার আগেই ৪৯.৪ ওভারে ১৬৬ রানে অলআউট হয় বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার হয়ে অ্যানাবেল সাদারল্যান্ড নেন সর্বোচ্চ তিন উইকেট। মেগান স্কাটের শিকার দুটি। বাকি উইকেটগুলো ভাগ করে নেন আরও তিন বোলার।