Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ সফরের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, নেই হোপ-আলজারি

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৬ ১০:০২

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ঘোষিত দলে নেই তারকা ব্যাটার শাই হোপ ও পেসার আলজারি জোসেফের। তবে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ২৩ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটার কেভিন উইকহ্যাম।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে এটিই ওয়েস্ট ইন্ডিজের শেষ সিরিজ। বাংলাদেশ সিরিজে ক্যারিবিয়ানদের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন রোস্টন চেজ, সহ-অধিনায়ক জোমেল ওয়ারিকান। অভিজ্ঞ পেসার কেমার রোচের পাশাপাশি দলে আছেন শামার জোসেফ ও জেডেন সিলস।

টানা তিন সংস্করণে খেলার ধকল সামলাতে শাই হোপকে বিশ্রাম দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতির কথাও বিবেচনায় রাখা হয়েছে। অন্যদিকে, নিয়মিত শারীরিক পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পর ওয়ার্কলোড ব্যবস্থাপনার অংশ হিসেবে আলজারি জোসেফকে টেস্ট সিরিজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁর জায়গায় দলে ফিরেছেন অলরাউন্ডার কিমো পল।

বিজ্ঞাপন

আগামী ১৮ অক্টোবর বাংলাদেশে পৌঁছানোর কথা ওয়েস্ট ইন্ডিজ দলের। ২২ থেকে ২৪ অক্টোবর ঢাকায় তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর ২৮ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ শুরু হবে ৫ নভেম্বর, সিলেটে।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, ত্যাগনারায়ণ চন্দ্রপল, জশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রিভস, কেভাম হজ, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কিমো পল, কিমার রোচ, জেডেন সিলস ও কেভিন উইকহ্যাম।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর