কক্সবাজার: কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা থেকে মিয়ানমারে পাচারের সময় প্রায় ৬০০ বস্তা সিমেন্টসহ ১০ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)। উদ্ধার হওয়া সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
শনিবার (৭ মার্চ) ভোররাতে কোস্ট গার্ড পূর্ব জোনের অধীন অপারেশন কোরাল দ্বীপে নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘জয় বাংলা’ একটি বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।
শনিবার বিকেলে কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় সন্দেহজনক একটি মাছ ধরার নৌকায় তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। একইসঙ্গে পাচারকাজে ব্যবহৃত নৌকা জব্দ করা হয় এবং ১০ জনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন চকরিয়া উপজেলার উত্তর ফুলছড়ি এলাকার নজরুল ইসলাম (৩০), আব্দুল আজিজ (৩০), শফিকুর রহমান (২১), জাহেদুল ইসলাম (২৭), মো. এরশাদ (৩১), মো. নুরুল আলম (৩৪), মো. নুরুল হক (২০), মো. হারুন অর রশিদ (২৮), মো. নাসির উদ্দীন (৪০) ও মো. এহসান (৩২)।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা সিমেন্ট ও নৌকা এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমুদ্রপথে পাচার ও চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।