Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
৭ মার্চ ২০২৬ ২০:২৩

সংযুক্ত আরব আমিরাতে শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে শারজাহ একাডেমি ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি।

শনিবার (৭ মার্চ) গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

একাডেমির মানমন্দির জানিয়েছে, তাদের হিসাব অনুসারে ১৪৪৭ হিজরি সালের রমজান মাস ৩০ দিন পূর্ণ করবে। সে অনুযায়ী শুক্রবার হবে শাওয়াল মাসের প্রথম দিন এবং আমিরাতে ঈদের সূচনা।

জ্যোতির্বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন, ১৮ মার্চ বুধবার অর্থাৎ রমজানের ২৯তম দিনে প্রচলিত চাঁদ দেখার রাতে সূর্যাস্তের আগেই চাঁদ ডুবে যাওয়ায় সেটি দেখা সম্ভব হবে না। এর ফলে ওই সন্ধ্যায় আরব আমিরাতে রমজান মাস অব্যাহত থাকবে এবং ১৯ মার্চ বৃহস্পতিবার মাসটি পূর্ণ হবে।

বিজ্ঞাপন

মানমন্দিরের তথ্যমতে, ১৯ মার্চ বৃহস্পতিবার আরব আমিরাত সময় ভোর ৪টা ২৪ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। ওইদিন সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে প্রায় ১৪ ঘণ্টা ৬ মিনিট এবং এটি দিগন্ত রেখা থেকে ৬ ডিগ্রি উচ্চতায় অবস্থান করবে। সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট পর্যন্ত আকাশে থাকবে। এই পরিসংখ্যান সত্ত্বেও একাডেমি আরব আমিরাতের আকাশ থেকে চাঁদ দেখার বিষয়টিকে বেশ জটিল বা প্রতিকূল হিসেবে বর্ণনা করেছে।

তারা জানিয়েছে, স্থানীয়ভাবে এমনকি টেলিস্কোপ দিয়েও চাঁদ দেখা অত্যন্ত কঠিন হবে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, উন্নত প্রযুক্তির ‘ইমেজ স্ট্যাকিং’ পদ্ধতির সাহায্য ছাড়া খালি চোখে আমিরাত থেকে চাঁদ দেখা সম্ভব হবে না। তবে ভৌগোলিক ও জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত অনুকূল পরিস্থিতির কারণে আরও পশ্চিমে অবস্থিত কিছু আরব ও ইসলামি দেশ থেকে চাঁদ দেখা যেতে পারে।

এই সামগ্রিক গণনার ওপর ভিত্তি করে একাডেমি সিদ্ধান্তে পৌঁছেছে যে ২০ মার্চ শুক্রবার আমিরাতসহ অধিকাংশ মুসলিম দেশে ঈদুল ফিতর শুরু হতে পারে, যদিও যেসব দেশ কঠোরভাবে নিজস্ব ভূখণ্ডে খালি চোখে চাঁদ দেখার ওপর নির্ভর করে, তারা স্থানীয় পর্যবেক্ষণের ভিত্তিতে শনিবারও ঈদ পালন করতে পারে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর