Tuesday 28 Apr 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

শিশু গৃহকর্মী নির্যাতন মামলায় সাবেক বিমানের এমডির জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৬ ১৯:৪২ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ২১:২২

ঢাকা: শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিকুর রহমান (সাফিকুর রহমান) জামিন পেয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৩ আদালতের বিচারক মঈন উদ্দিন চৌধুরী শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. জহিরুল ইসলাম (কাইয়ুম)।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মো. খোরশেদ আলম বলেন, শফিকুর রহমান দীর্ঘদিন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। গত ২ ফেব্রুয়ারি থেকে তিনি কারাগারে আছেন এবং বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। মানবিক বিবেচনায় তার জামিন প্রার্থনা করা হয়। পরে আদালত পাঁচ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

মামলার অভিযোগ অনুযায়ী, বাদী একজন হোটেলকর্মী। নিরাপত্তাকর্মী জাহাঙ্গীরের মাধ্যমে তিনি একটি বাসায় শিশুর দেখাশোনার কাজের খবর পান। পরবর্তীতে শফিকুর রহমান ও তার স্ত্রী বিথীর সঙ্গে যোগাযোগ করে গত বছরের জুন মাসে তার ১১ বছর বয়সী মেয়েকে ওই বাসায় কাজে দেন।

অভিযোগে আরও বলা হয়, গত ২ নভেম্বর শিশুটিকে সর্বশেষ সুস্থ অবস্থায় দেখেন তার বাবা। এরপর দীর্ঘ সময় তাকে পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। চলতি বছরের ৩১ জানুয়ারি শিশুটি অসুস্থ এমন খবর দিয়ে তাকে নিয়ে যেতে বলা হয়।

শিশুটিকে বাড়িতে আনার পর তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন দেখা যায়। অভিযোগ রয়েছে, তাকে মারধর করা হয়েছে এবং গরম খুন্তি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় দগ্ধ করা হয়েছে। পরে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। এরপর ২ ফেব্রুয়ারি গভীর রাতে উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি বাসা থেকে শফিকুর রহমান, তার স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এতদিন তিনি কারাগারে ছিলেন, এরপর আদালতের আদেশে জামিনে মুক্তি পেলেন।