Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৬ ২১:৫৭

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে তিনি জাতিসংঘের সদর দফতরের সাধারণ পরিষদ কক্ষে অধিবেশনে যোগ দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক।

৮১তম সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়েছে ৮ সেপ্টেম্বর। উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হয় ২২ সেপ্টেম্বর। এটি চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এই পর্বে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা বৈশ্বিক বিভিন্ন সংকট ও অগ্রাধিকার নিয়ে বক্তব্য দেবেন।

বিজ্ঞাপন

এবারের সাধারণ পরিষদের প্রতিপাদ্য—‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ’। জাতিসংঘের ভাষ্য অনুযায়ী, সাধারণ বিতর্কে শান্তি, নিরাপত্তা, টেকসই উন্নয়নসহ আন্তঃসম্পর্কিত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সমাধানের পথ নিয়ে বিশ্বনেতারা আলোচনা করবেন।

উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কের প্রথম দিন মঙ্গলবার বক্তব্য দেওয়ার সূচিতে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা।

এবারের অধিবেশনের একটি বিশেষ দিক হলো, এর সভাপতির দায়িত্বে রয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ৮ সেপ্টেম্বর থেকে দায়িত্ব নেওয়া ড. খলিলুর রহমান আগামী একবছর সাধারণ পরিষদের অধিবেশনগুলোর সভাপতিত্ব করবেন। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পালাক্রমিক ব্যবস্থার আওতায় এবার বাংলাদেশের প্রার্থী সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেয়েছেন।

সাধারণ পরিষদ কক্ষে প্রবেশ করে অধিবেশনের সভাপতির প্রতি সম্মান জানিয়ে নিজের নির্ধারিত আসনে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্ণানুক্রমিক আসনবিন্যাস অনুযায়ী বাংলাদেশের প্রতিনিধিদলের আসন ছিল সামনের সারিতে।

প্রধানমন্ত্রীর পাশে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান। পেছনের সারিতে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

এবারের সাধারণ বিতর্কের আলোচনায় শান্তি ও নিরাপত্তা, বৈশ্বিক সহযোগিতা, টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু গুরুত্ব পাবে। সাধারণ বিতর্কের পাশাপাশি ২৩ সেপ্টেম্বর উন্নয়ন অধিকার ও জলবায়ু কার্যক্রম, ২৪ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং ২৫ সেপ্টেম্বর মহামারি প্রতিরোধ, প্রস্তুতি ও মোকাবিলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর