ঢাকা: আন্তর্জাতিক ব্যবসা ও বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের লক্ষ্যে মালয়েশিয়ায় আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘মিহাজ’ (MIHAS)-এ অংশ নিয়েছে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই)-এর ১৬ সদস্যের প্রতিনিধিদল।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মিহাজের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বিশ্বের শতাধিক দেশের সরকারি প্রতিনিধি, অর্থনৈতিক বিশ্লেষক ও শীর্ষ ব্যবসায়ী নেতারা।
অনুষ্ঠানে মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী ও গ্রামীণ ও আঞ্চলিক উন্নয়নমন্ত্রী ড. আহমদ জাহিদ বিন হামিদির সঙ্গে সাক্ষাৎ করেন বিএমসিসিআই প্রতিনিধিদলের সদস্যরা।
এ সময় বিএমসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট আরফাতুর রহমান আপেলের পাশে দাঁড়িয়ে উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি নিজ হাতে একটি সেলফি তোলেন। ছবি ও সৌহার্দ্যপূর্ণ মুহূর্তটি প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করে।
মিহাজে অংশগ্রহণের পাশাপাশি বিএমসিসিআই প্রতিনিধিদলের সদস্যরা মালয়েশিয়া সরকারের গুরুত্বপূর্ণ দফতরের শীর্ষ কর্মকর্তা এবং আন্তর্জাতিক ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করেন।
এসব আলোচনায় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং যৌথ উদ্যোগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।সফরকালে প্রতিনিধিদলটি মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সঙ্গেও একটি বিশেষ বৈঠক করে।
বৈঠকে দুই দেশের ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, বাণিজ্য ঘাটতি কমানো এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।বিএমসিসিআই নেতৃবৃন্দ বলেন, আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ও এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদের অংশগ্রহণ দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও গভীর করার সুযোগ তৈরি করছে।
একই সঙ্গে এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য মালয়েশিয়াসহ আন্তর্জাতিক বাজারে নতুন বিনিয়োগ ও বাণিজ্যিক সম্ভাবনা উন্মোচিত হবে।তারা আশা প্রকাশ করেন, বিএমসিসিআইয়ের এ ধরনের আন্তর্জাতিক কার্যক্রম বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।