ঢাকা: ফেনীর ফুলগাজীতে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটে ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে তিনি শিক্ষার্থীদের এসব কার্যক্রমে সক্রিয় হওয়ার আহ্বান জানান।
পরে কলেজের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বন্যা নিয়ন্ত্রণ ও নদী খনন প্রকল্প উদ্বোধন
এর আগে বৃহস্পতিবার দুপুরে ফেনীর পরশুরামে ‘মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে মহুরী নদী খনন কার্যক্রমেরও উদ্বোধন করেন তিনি।
ফেনীর পরশুরাম, ফুলগাজী ও আশপাশের বিস্তীর্ণ এলাকা দীর্ঘদিন ধরে বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকিতে রয়েছে। বর্ষা মৌসুমে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারণে এসব এলাকার নিম্নাঞ্চলে পানি জমে কৃষি, সড়ক যোগাযোগ ও জনজীবনে দুর্ভোগ তৈরি হয়। পাশাপাশি নদী ও খালগুলোর নাব্যতা কমে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থাও বাধাগ্রস্ত হচ্ছে।
এ প্রেক্ষাপটে মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ ব্যবস্থার পুনর্বাসন এবং মহুরী নদী খননের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি কমানোর পাশাপাশি কৃষিজমিতে সেচ সুবিধা ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্য রয়েছে।
প্রধানমন্ত্রীর ফেনী সফরে জেলার অবকাঠামো, পানি ব্যবস্থাপনা, কৃষি ও শিক্ষা খাতের বিভিন্ন কার্যক্রম গুরুত্ব পাচ্ছে। এর অংশ হিসেবেই পরশুরামে পানি ব্যবস্থাপনা-সংক্রান্ত প্রকল্প উদ্বোধনের পর ফুলগাজীতে শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশ নেন তিনি।