ঢাকা: সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার (১০ অক্টোবর) হুতিদের প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এই হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন তিন শতাধিক, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নিন্দা জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ করতে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। নিহত ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি, বিশেষ করে বাংলাদেশি নিহতদের পরিবারের প্রতি বাংলাদেশ গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানাচ্ছে। একই সঙ্গে আহত সবার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেসামরিক মানুষের জীবন বিপন্ন করে এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানিয়ে পরিচালিত হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। এই হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশ তার দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশ চলমান সংকটের একটি শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে অবিলম্বে সব ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করা, বেসামরিক জনগণ ও বেসামরিক অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করা এবং সংলাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানাচ্ছে।