সিরাজগঞ্জ: শহিদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন নতুন গতি পেয়েছিল। তার রক্ত বৃথা যায়নি, বরং এরশাদ সরকারের পতনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নবগ্রামে শহিদ নাজির উদ্দিন জেহাদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, ‘জেহাদের মৃত্যুর পর তার লাশ ছুঁয়ে সর্বদলীয় ছাত্রঐক্যের নেতাকর্মীরা এরশাদ সরকারের পতন না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার শপথ নিয়েছিলেন। পরবর্তী সময়ে বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে সেই আন্দোলন সফল হয়।’
তিনি আরও বলেন, ‘শহিদ জেহাদের স্মৃতি সংরক্ষণে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্যোগ নিয়েছেন।’ তার ভাষ্য, ‘বিগত ১৭ বছরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করেছেন। ২০২৪ সালে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ তৈরি হয়েছে।’ গণতন্ত্র রক্ষায় বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে শহিদ জেহাদ স্মরণে বৃক্ষরোপণ করা হয়।