Saturday 24 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অবকাশ শেষে হাইকোর্টে ৫৭ বেঞ্চ, রোববার দুপুর আড়াইটায় বিচারকাজ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৬ ১৮:০৬

ঢাকা: অবকাশকালীন ছুটি শেষে রোববার (২৫ অক্টোবর) থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য ৫৭টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তবে প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে আইনজীবীদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান থাকায় ওই দিন হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হবে দুপুর আড়াইটায়।

শনিবার (২৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রধান বিচারপতির এ-সংক্রান্ত আদেশ প্রকাশ করা হয়।

আদেশে বলা হয়েছে, ২৫ অক্টোবর রোববার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য ৫৭টি বেঞ্চ গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে সুপ্রিম কোর্ট প্রশাসনের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবসে রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ আইনজীবীরা সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

আপিল বিভাগের এক নম্বর এজলাসের সামনের করিডোরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সুপ্রিম কোর্টের মূল ভবনসংলগ্ন ইনার কোর্ট ইয়ার্ডে আইনজীবীদের আপ্যায়নের ব্যবস্থাও রাখা হয়েছে।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানের কারণে রোববার হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম দুপুর আড়াইটায় শুরু হবে।