ঢাকা: রাজধানী ঢাকার বুকে হঠাৎ করেই বেড়েছে বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা। নতুন নতুন কৌশলী ভূমিকায় নাশকতামূলক তৎপরতা চালিয়ে ঢাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরি ও আতঙ্কের ছাপ ফেলতে মেতে উঠেছে একটি চক্র। এমনকি টাকা দিয়ে লোক ভাড়া করে নগরীর বিভিন্ন ব্যস্ততম এলাকা ও গলির মুখে ককটেল ফুটানো হচ্ছে। আর একটি ককটেল ফুটালেই ১৫০০ টাকা করে দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিরুদ্ধে। সেইসঙ্গে দলের বাইরের টার্গেটকৃত ব্যক্তি কাজ করতে না চাইলে ভয়ভীতি দেখানোরও অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা যায়, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে রাজধানীজুড়ে এখন বড়ো কোনো নাশকতার চেয়ে জনমনে আতঙ্ক তৈরি করাই মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে নিষিদ্ধ দলের পক্ষে। আর এই অপরাধমূলক কর্মকাণ্ডে মাঠপর্যায়ের কর্মীদের দেওয়া হচ্ছে পারিশ্রমিক। আর এই অর্থের যোগানদাতা হিসেবে কাজ করছে দেশে এবং বিদেশে পলাতক শীর্ষ নেতারা।
এদিকে, নাশকতামূলক তৎপরতা চালিয়ে নিতে নেওয়া হচ্ছে নিত্য নতুন কর্ম কৌশল। এরমধ্যে রয়েছে—ফ্লাইওভার বা উঁচু স্থান থেকে ককটেল নিক্ষেপ করে সটকে পড়া, মোটরসাইকেলে করে চলতি অবস্থায় ককটেল নিক্ষেপ, থানার ফটকের ভেতরে এবং গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের বাসভবনের সামনে ও ভেতরে ককটেল নিক্ষেপ, আদালতের সামনে ককটেল নিক্ষেপ, গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে ককটেল নিক্ষেপ এবং বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা নিক্ষেপ। আর এসব কর্মকান্ড দলীয় তৃণমূলের জনশক্তি এবং ভাড়ায় লোক নিয়ে করানোর তথ্য পাওয়া গেছে। এ ছাড়া, নাশকতামূলক কর্মকাণ্ড করার সময় আরেকজনকে দিয়ে ভিডিও করিয়ে সেটি ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক অস্থিরতা কিংবা আতঙ্ক সৃষ্টি করাই এই অপতৎপরতার মূল উদ্দেশ্য। চক্রটির মূল হোতারা আড়ালে থেকে মূলত ভাসমান বা পথশিশু, উঠতি বয়সি তরুণ এবং স্বল্প আয়ের বিভ্রান্ত যুবকদের এই কাজে ব্যবহার করছে। ককটেল ফোটানো ও বাসে আগুন দেওয়ার বিনিময়ে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে টাকা। আর খুব কম সময়ে ও কম পরিশ্রমে টাকা পাওয়ার লোভে অনেকে জেনেশুনেই জড়িয়ে পড়ছে এই বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ কাজে।
মিরপুরে বাসে আগুন দেওয়ার কথা স্বীকার করে হাতেনাতে আটক মো. হুসেইন নামের এক ছাত্রলীগ কর্মী জানায়, কাফরুল থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক যুবরাজ তাকে বাসে আগুন দেওয়ার জন্য পাঠায়। পরে সে পেট্রোল ঢেলে ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দেয়।
১৫০০ টাকার বিনিময়ে ককটেল ফুটানোর বিষয়ে স্বীকারোক্তি দিয়ে মিরপুরে আটক শ্যামল সত্তার বলেন, ‘আমার বাড়ি পাবনার ঈশ্বরদীতে। দুই বছর ধরে ঢাকায় থাকি। খিলগাঁওয়ের সজিব নামের এক ছাত্রলীগ নেতা আমাকে একটা ককটেল দেয়। আর এটা না করতে চাইলে ভয়ভীতি দেখায়। এ জন্য ১৫০০ টাকা দিয়েছে।’
সম্প্রতি রাজধানীর মিরপুর, খিলগাঁও, পল্টন, ধানমন্ডি, যাত্রাবাড়ি, মগবাজার, শ্যামলী, মোহাম্মদপুর ও উত্তরাসহ পুরো ঢাকাতেই ভোর থেকে গভীর রাত পর্যন্ত একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সিরিজ ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে কয়েকজন আহত হলেও এসব বিস্ফোরণের প্রধান লক্ষ্য জনমনে ভীতি সৃষ্টি করা। আর এই ককটেল ফুটাতে এবং বাসে আগুন দিতে গিয়ে ঢাবিসহ কয়েক স্থানে হাতেনাতে আটকও হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কয়েকজন।
অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে যাচ্ছে গুপ্তভাবে থাকা প্রশাসনের কিছু কর্মকর্তারাও। পুলিশের অভ্যন্তরীণ ও সংবেদনশীল তথ্য ফাঁস করা হচ্ছে আওয়ামী লীগের কাছে। এরই পরিপ্রেক্ষিতে ১১ নভেম্বর চট্টগ্রামে রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের সরকারি ও ব্যক্তিগত মুঠোফোন জব্দ করা হয়েছে। সেইসঙ্গে তাকে নজরদারিতে রেখে চলছে জিজ্ঞাসাবাদ।
ডিসেম্বর ঘিরে নাশকতার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা সারাবাংলাকে বলেন, ‘ডিসেম্বরে একটি দলের কেউ দেশে আসার ‘হাইপ’ সৃষ্টি হয়েছে। আসলে সে দেশে আসবে না, সেই সুযোগও নাই। নাশকতা ও অপতৎপরতা চালিয়ে জনমনে আতঙ্ক তৈরি করাই দলটির নেতাকর্মীদের মূল লক্ষ্য।’
পুলিশ সদর দফতরের সূত্র অনুযায়ী, গত শনিবার (৭ নভেম্বর) থেকে সোমবার (৯ নভেম্বর) পর্যন্ত সারাদেশে ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১৯টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় ১১টি মামলা হয়েছে। আর গ্রেফতার করা হয়েছে ২৯ জনকে।
এদিকে, নাশকতামূলক কর্মকান্ডে নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং যানবাহনের নিরাপত্তা রক্ষায় রাজধানীজুড়ে জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়ক ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে জোরালো চেকপোস্ট স্থাপনের পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশি টহল ও নজরদারি।
এ বিষয়ে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মো. আকতার হোসেন সারাবাংলাকে বলেন, ‘সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই এবং সন্দেহজনক চলাচলের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে। পাশাপাশি ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পুলিশের উপস্থিতি জোরদার করা হয়েছে। অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধে ডিএমপির তৎপরতা অব্যাহত রয়েছে।’
এ ছাড়া, দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঠেকাতে ১০ নভেম্বর সারাদেশে, বিশেষ করে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে বাড়তি পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করার নির্দেশ দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এমনকি, এ নিয়ে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেন তিনি। যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর আইজিপি।