Friday 27 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘স্বাস্থ্যখাতে ফ্যাসিবাদীদের মতোই দলীয়করণ চলছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৬ ১২:৫৩
ঢাকা: স্বাস্থ্যখাতে পতিত ফ্যাসিবাদীদের মতোই নির্লজ্জ দলীয়করণ চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ঢাকা মহানগরী দক্ষিণের মতিঝিল জোনের উদ্যোগে আয়োজিত ‘ডাক্তার কানেক্ট-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, আওয়ামী লীগ সব সেক্টরে দলীয়করণ করতে দীর্ঘ সময় নিয়েছিল। কিন্তু বিএনপি ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গেই দলীয়করণ শুরু করেছে। সরকারের সর্বক্ষেত্রে নির্লজ্জ দলীয়করণের কারণে জনজীবনে দুর্ভোগ বেড়েছে।

বিজ্ঞাপন

চিকিৎসকদের উদ্দেশে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে ন্যাশনাল ডক্টরস ফোরামের নেতৃত্বে চিকিৎসক সমাজ যেভাবে ফ্যাসিবাদের জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা রেখেছিল, সেই ঐক্য বজায় রেখে ভবিষ্যতেও যেকোনো অপশক্তির বিরুদ্ধে ভূমিকা রাখতে হবে। চব্বিশের আন্দোলন জাতির মধ্যে যে ঐক্য সৃষ্টি করেছে, তা অটুট রেখেই জাতির আকাঙ্ক্ষা পূরণ করতে হবে।

জাতীয় ঐক্য বিনষ্টে দেশি-বিদেশি বিভিন্ন শক্তি তৎপর রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের ভেতরেও এসব শক্তির বিচরণ দেখা যাচ্ছে। এরা জাতির দুশমন, তাদের চিনে রাখতে হবে।

জামায়াতের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী সংসদে ঐক্যের ডাক দেওয়ার পরও যদি ঐক্য প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে বুঝতে হবে দল ও সরকারপ্রধানের ওপর তাঁর নিয়ন্ত্রণ নেই।

সরকার ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নেওয়ার কথা বললেও সেই সংলাপ এক টেবিলে করা সম্ভব হবে না কেন, এমন প্রশ্ন তোলেন তিনি।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, সত্যিকারের জাতীয় ঐক্যের জন্য সব দলকে নিয়ে একসঙ্গে সংলাপ করতে হবে। আলাদা আলাদা বৈঠক কখনো সংলাপ নয়; বরং সংলাপের নামে এটি সরকারের নতুন তামাশা। জামায়াতে ইসলামী সরকারকে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে নিয়ে একত্রে সংলাপ আয়োজনের আহ্বান জানিয়েছে। এতে কোন দল কীভাবে জাতীয় ঐক্য চায়, তা জাতির সামনে পরিষ্কার হবে। যারা সত্যিকারের ঐক্য চায় না, তারাই এক টেবিলে বসতে ভয় পায়।

ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) মতিঝিল জোনের পরিচালক ডা. মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মতিঝিল জোনের সভাপতি ডা. রাইয়ান হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মোহাম্মদ মারুফ শাহরিয়ার ও সেক্রেটারি ডা. নূর উদ্দিন তালুকদার। এ ছাড়া বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজের অধ্যাপক, কনসালট্যান্ট এবং মেডিকেল অফিসাররা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ফের বাড়ল সোনার দাম 
২৭ নভেম্বর ২০২৬ ১২:৩৬

আরো

সম্পর্কিত খবর