Saturday 28 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের অচেতন করে ২ হাজার ভরি সোনা লুট

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৬ ১৮:৩৭

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করার পর একটি সোনার দোকান থেকে প্রায় ২ হাজার ভরি সোনার গহনা লুটের অভিযোগ উঠেছে। এ সময় দোকান থেকে নগদ ১০ থেকে ১২ লাখ টাকা ও নিয়ে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র‍্যাংস প্লাজার পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে।

দোকান কর্তৃপক্ষের দাবি, লুট হওয়া গয়নার পরিমাণ প্রায় দুই হাজার ভরি। ঘটনার পর থেকে জুয়েলার্সের নিজস্ব একজন নিরাপত্তাকর্মীসহ মার্কেটের দুই নিরাপত্তাকর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় নিরাপত্তাকর্মীদের সম্পৃক্ততার সন্দেহ করছে পুলিশ। এরই মধ্যে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিজ্ঞাপন

জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ জানান, গভীর রাতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়। এরপর দোকান থেকে স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

পূরবী জুয়েলার্সের সিনিয়র সেলস এক্সিকিউটিভ সনজিৎ শীল জানান, রাত ২টার দিকে চুরির ঘটনা ঘটে। এরপর থেকেই তিন নিরাপত্তাকর্মীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের একজন মার্শাল সিকিউরিটি কোম্পানি থেকে নিয়োগ করা জুয়েলার্সের নিজস্ব নিরাপত্তাকর্মী। অন্য দুজন মার্কেটের নিরাপত্তাকর্মী।

তার ভাষ্য, সিসিটিভি ফুটেজে ৩ থেকে ৫ জনকে দোকানে প্রবেশ করতে দেখা গেছে। এ ছাড়া সেখানে আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি ছিল। ফুটেজে নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে বাইরের লোকজনকে দোকানে প্রবেশে সহযোগিতা করতে দেখা যায়। ভেতরে ঢুকেই দুর্বৃত্তদের একজন সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ ঘটনায় সন্দেহভাজন এক নিরাপত্তাকর্মীর মূল পরিচয়পত্রও উদ্ধার করে তদন্তকারীদের কাছে দেওয়া হয়েছে।

এদিকে ঢাকা প্রোপারটি সার্ভিসেস লিমিটেডের নিরাপত্তাকর্মী আব্দুর রহিমকে ভবনের পার্কিংয়ে অর্ধচেতন অবস্থায় একটি বেঞ্চে পড়ে থাকতে দেখা যায়। তার সঙ্গে কথা বলে জানা যায়, নিরাপত্তাকর্মী সালাম ও সুপারভাইজার রিপন তাকে কলা খেতে দিয়েছিলেন।

জুয়েলার্সের মালিক অমিত ঘোষ বলেন, দোকান থেকে প্রায় দুই হাজার ভরি স্বর্ণ, রুপা ও হীরার অলংকার খোয়া গেছে। এ ছাড়া ১০ থেকে ১২ লাখ টাকা নগদ নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরির ঘটনায় পুলিশ কাজ করছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

ধানমন্ডি থানার এক কর্মকর্তা জানান, নিরাপত্তাকর্মীদের খাবারের সঙ্গে কিছু মিশিয়ে অচেতন করে চুরির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মার্কেটের দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। সন্দেহভাজন হিসেবে ৪ জনকে আটক করা হয়েছে।

শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল বিভিন্ন আলামত সংগ্রহ করে। পাশাপাশি রমনা বিভাগের গোয়েন্দা পুলিশও তদন্ত করে। ঘটনাস্থল থেকে তালা কাটার ইলেকট্রনিক পাওয়ার সাপ্লাই মেশিন, বড় রড কাটার স্ক্রু ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সিআইডি ও থানা পুলিশ।

বিজ্ঞাপন

সংসার ও কাজের সংকটে করণীয় আমল
২৮ নভেম্বর ২০২৬ ১৮:২৯

আরো

সম্পর্কিত খবর