Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নৃশংসতার বিচার চেয়ে মিরপুরে ক্রীড়া সাংবাদিকদের মানববন্ধন

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৪ ১৭:১৬

দেশে চলমান আন্দোলনে শিক্ষার্থী-জনতার ওপর নৃশংসতার বিচার ও বৈষম্যমুক্ত সমাজ চেয়ে মানববন্ধন করেছেন ক্রীড়া সাংবাদিকেরা।

আজ শনিবার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মানববন্ধনে উপস্থিত ছিলেন শতাধিক সাংবাদিক। এই সময় নিহতদের প্রতি শোক প্রকাশ করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

মানববন্ধনে কালের কণ্ঠের ক্রীড়া সম্পাদক এ টি এম সাইদুজ্জামান বলেন, ‘গত কিছুদিনে যা ঘটেছে এবং এখন যা ঘটছে, তাতে শোক জানানোর কোনো ভাষা নেই। শুধু একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে নই, আমি এখানে একটি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে এসেছি। আমি মর্মাহত, শোকাহত। আমার দাবি প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত, কোনো আইওয়াশ নয়।’

বিজ্ঞাপন

নিউজজিটোয়েন্টিফোর ডটকমের সিনিয়র ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী বলেন, ‘এই আন্দোলনে নিহতের সঠিক সংখ্যা আমরা এখনো জানি না। বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন কথা শুনছি। এর মধ্যে কিন্তু পাঁচজন সাংবাদিক দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন। ক্রীড়া সাংবাদিকদের পক্ষ থেকে আমরা তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি। পেশাগতভাবে তাঁরা আমাদেরই সহকর্মী, আমরা প্রথমেই দাবি করব, প্রতিটি মৃত্যুর সঠিক ও বিশ্বাসযোগ্য বিচার হোক।’

ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ বলেন, ‘দায়বদ্ধতার জায়গা থেকে আমরা এখানে এসেছি। ইউনিসেফের একটা হিসাব দেখলাম, ৩২ শিশু মারা গেছে। সেই শিশুটা তো আমাদের যে কারও শিশু হতে পারত।’

চ্যানেল২৪’র বিশেষ প্রতিনিধি রেজওয়ান উজ জামান বলেন, ‘প্রতিটি হত্যার বিচার চাই। আমাদের একটাই দাবি, একটাই কথা যে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আমরা মনে করি, সব পক্ষ থেকে আমরা যদি এই দাবিটা গণজোয়ারে পরিণত করতে পারি, তাহলে এই দাবি পূরণ হবে।’

সারাবাংলা/এসএইচএস