Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

একদিন এগিয়ে ‘মার্চ টু ঢাকা’ কাল

ঢাবি করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৪ ১৭:৩৯

ঢাবি: একদিন এগিয়ে আগামীকাল সোমবার ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ‘পরিস্থিতি পর্যালোচনায়’ জরুরি সভা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা।

রোববার (৪ আগস্ট) আন্দোলনের সমন্বয়কদের একজন আসিফ মাহমুদ এই তথ্য জানান। তিনি বলেন, “এক জরুরি সিদ্ধান্তে আমাদের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করা হলো। অর্থাৎ আগামীকালই সারাদেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি।”

এর আগে, আজ দুপুর দেড়টার দিকে আন্দোলনের সমন্বয়কদের একজন নাহিদ ইসলাম জানিয়েছিলেন, আগামীকাল সোমবার রাজধানীর শাহবাগে শ্রমিক সমাবেশ এবং শহিদ মিনারে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে। এ ছাড়া পরশুদিন তথা মঙ্গলবাত সারাদেশ থেকে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

এরপর কয়েক ঘণ্টার ব্যবধানে সিদ্ধান্ত পালটে মঙ্গলবারের স্থলে একদিন এগিয়ে সোমবারে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি করার ঘোষণা দিয়েছেন তারা।

আসিফ মাহমুদ বলেন, ‘আজ প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতাকে খুন করেছে খুনি হাসিনা। চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে। বিশেষ করে আশেপাশের জেলাগুলো থেকে সবাই ঢাকায় আসবেন এবং যারা পারবেন আজই ঢাকার উদ্দেশে রওয়ানা হয়ে যান। ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র-জনতা রাজপথগুলোতে অবস্থান নিন।’

এখন চূড়ান্ত লড়াই, এই ছাত্র-নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ইতিহাসের অংশ হতে ঢাকায় আসুন সকলে। যে যেভাবে পারেন ঢাকায় কালকের মধ্যে ঢাকায় চলে আসুন। ছাত্র-জনতা এক নতুন বাংলাদেশের অভ্যূদয় ঘটাবো।’

সারাবাংলা/আরআইআর/এমও