Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেখ হাসিনাকে দেশে পাঠাতে ভারতের প্রতি আহ্বান বার সভাপতির

স্টাফ করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৪ ১৫:৪৪

ঢাকা: ভারতে থাকা শেখ হাসিনাকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

মঙ্গলবার (৬ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

ব্যারিস্টার খোকন বলেন, আদালতের জামিন আদেশে নয়, ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা অনুযায়ী নির্বাহী আদেশে সব রাজবন্দির মুক্তি দিতে হবে।

তিনি বলেন, রাষ্ট্রকে নতুন করে সাজাতে হবে। সব লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়েছে আওয়ামী নেতারা। তারা যেন ব্যাংক থেকে কোনো টাকা উত্তোলন করতে না পারে, বাংলাদেশ ব্যাংককে সেই ব্যবস্থা নিতে হবে।

বিজ্ঞাপন

সুপ্রিম কোর্ট বার সভাপতি বলেন, কয়েকজন বিচারপতি শপথ ভঙ্গ করে আওয়ামী লীগের রাজনীতি করেছেন, নেতাকর্মীদের সাজা দিয়েছেন, দুর্নীতি করেছেন ও অতি উৎসাহী হয়ে বিচার ব্যবস্থাকে দূষিত করেছেন। তারা বিচারক হওয়ার অনুপযুক্ত। এক সপ্তাহের মধ্যে তাদের ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সব কর্মকর্তাদের পদত্যাগ করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য সৈয়দ ফজলে এলাহি অভি ও ফাতিমা আক্তার। এ সময় শতাধিক আইনজীবী ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

সারাবাংলা/কেআইএফ/এনইউ