Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রিজভী-পরওয়ারসহ বিএনপি-জামায়াতের ১ হাজার নেতাকর্মীর জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৪ ১৫:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনের সময় নাশকতার অভিযোগে মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ বিএনপি-জামায়াতের এক হাজারের বেশি নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত। আসামিদের আইনজীবীরা বলছেন, আজ বিকেল থেকে আসামিরা মুক্তি পেতে পারেন।

মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ জামিন আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

বিএনপি নেতাদের আইনজীবী আবদুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মিয়া গোলাম পরওয়ারসহ বিএনপি-জামাতের প্রায় সব নেতাকর্মীকে জামিন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা নেতাকর্মীদের পক্ষে যতগুলো জামিন আবেদন ও বেলবন্ড আদালতে দাখিল করেছি সবই মঞ্জুর করা হয়েছে। অর্থাৎ আটক প্রায় সকল বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীদের জামিন দেওয়া হয়েছে।

আইনজীবী আবদুল হান্নান বলেন, জামিন প্রাপ্তদের জামিন নামা দাখিল করা হচ্ছে এবং বিকেল থেকে তারা জামিন পাবেন।

জামিন পাওয়া বিএনপি-জামায়াতের উল্লেখযোগ্য নেতাকর্মীরা হলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান ওরফে শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব, দক্ষিণের আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, ১২ দলের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এমএ সালাম ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানসহ অনেকে।

সারাবাংলা/কেআইএফ/ইআ