ঢাবি: নাগরিকের জীবন ও সম্পদের সর্বোচ্চ সুরক্ষা, সব ধরনের বিশৃঙ্খলা প্রতিহত এবং সব ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার (৭ আগস্ট) দুপুরে সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই আহ্বান জানান। সংগঠনটির দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশের এই ঐতিহাসিক মুহূর্তে ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানকে কোনোভাবেই ন্যুনতম বিতর্কিত করতে দেওয়া যাবে না। দেশের সব নাগরিকের জীবন ও সম্পদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে ছাত্রদলকে সার্বক্ষণিক কার্যকর ভূমিকা পালন করতে হবে।
ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের সাধারণ মানুষের সম্পদ এবং সব ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সার্বক্ষণিক তৎপর হওয়ার নির্দেশনা দেন এই দুই নেতা।
দেশব্যাপী চলমান হামলা, সম্পত্তি দখলের ঘটনায় আওয়ামী লীগের সম্পৃত্তা আছে জানিয়ে তারা বলেন, ছাত্র-জনতার গণআন্দোলনে ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের পর দেশের কিছু স্থানে বিভিন্ন ধরণের বিশৃঙ্খলার সংবাদ পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগের ইতিহাস তাদের ছাত্রলীগ-যুবলীগের ক্যাডারবাহিনী কর্তৃক বিভিন্ন সময়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর হামলা করে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর ওপর অপবাদ চাপিয়ে দেয়ার অপচেষ্টার ইতিহাস। তাদের ইতিহাস এই সম্প্রদায়গুলোর সম্পত্তি দখলের ইতিহাস। ঐতিহাসিক গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করতে তাদের এই অপচেষ্টা এখনও অব্যাহত রয়েছে।
বিভিন্ন ইউনিটে শৃঙ্খলা কমিটি প্রসঙ্গে এই দুই নেতা বলেন, দেশের জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয় ও জেলা মর্যাদার কলেজ শাখার সভাপতি/আহবায়ক ও সাধারণ সম্পাদক/সদস্য সচিবকে আহবায়ক ও সদস্য সচিব করে শৃঙ্খলা কমিটি গঠন করা হলো। কমিটির নেতৃবৃন্দ তাদের অধীনস্থ ইউনিটগুলোর সার্বিক পরিস্থিতি মনিটরিং করবেন। এক্ষেত্রে কারো বিরুদ্ধে কোনো গাফিলতির অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/আরআইআর/এনইউ