Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

২৪ ঘণ্টার মধ্যে পুলিশ সদস্যদের কর্মস্থলে ফেরার নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৪ ১৭:০৭

ঢাকা: সারা দেশের সব পুলিশ সদস্যকে আগামীকাল (৮ আগস্ট) বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশ দিয়েছেন পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

বুধবার (৭ আগস্ট) বিকেলে পুলিশ সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ নির্দেশ দেন।

আইজিপি বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী পুলিশ দায়িত্ব পালন করতে পারিনি। এর কারণে অনেকে ক্ষুব্ধ হয়েছেন। অনেকেই স্ব স্ব ইউনিটে নেই। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা নতুন করে শুরু করতে চাই। তাই সবাইকে আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে যোগদানের নির্দেশনা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

ছাত্র আন্দোলন দমনে অপারেশনাল ভুলত্রুটি থাকার কথা স্বীকার করে তিনি বলেন, ছাত্র, সাধারণ মানুষ, পুলিশসহ অনেকেই নিহত হয়েছেন। সবকিছুর জন্য আইজিপি হিসেবে আমি দুঃখ প্রকাশ করছি। পুলিশের উচ্চাভিলাসী কর্মকর্তা যারা এই পরিস্থিতির জন্য দায়ী তাদের বিরুদ্ধে পুলিশ প্রবিধান অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সারাবাংলা/ইউজে/এনইউ