Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢামেক হাসপাতালে শিক্ষার্থীদের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৪ ২০:০৩

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই ওয়ার্ড মাস্টারের কক্ষে অভিযান চালিয়েছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এ সময় কক্ষ থেকে মদের খালি বোতল, পুলিশ কেসের সিলসহ পাঁচজনকে আটক করেন শিক্ষার্থীরা। পরে তাদের আনসার সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজের কক্ষ ও হাসপাতালের নতুন ভবনে জিল্লুর রহমানের কক্ষে অভিযান করেন শিক্ষার্থীরা।

এ সময় ওয়ার্ড মাস্টার রিয়াজের কক্ষ থেকে মদের খালি বোতল, পুলিশ কেসের সিল, একটা দা, বেসরকারি হাসপাতালের ভিজিটিং কার্ড, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোবাইল নম্বরের তালিকা জব্দ করা হয়। ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান বিভিন্ন জনের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে হাসপাতালে কাজের সুযোগ দেওয়ার অভিযোগ পায় শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বৈষম্যবিরোধীর এক শিক্ষার্থী বলেন, ‘খবর পেয়েছি জরুরি বিভাগে যারা চিকিৎসা নিতে আসে তারা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছিলেন। সেসবের সত্যতা নিশ্চিতে আমরা জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার রিয়াজের কক্ষে অভিযান করি। তিনি স্বীকার করেন বিভিন্ন আইসিইউতে পাঠিয়ে প্রত্যেক রোগী থেকে ১ হাজার টাকা করে নেন।’

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘ওয়ার্ড মাস্টার রিয়াজের রুমে কেন মদের বোতল পাওয়া যাবে? তার কাছে কেন পুলিশ কেসের সিল পাওয়া যাবে। পুলিশ কেসের সিল তো চিকিৎসকের কাছে থাকবে। বিভিন্ন অবৈধ ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠনসহ বিভিন্ন নামের তালিকা ও মোবাইল নম্বর কেন পাওয়া যাবে? বিভিন্ন বেসরকারি হাসপাতালের কার্ডসহ বিভিন্ন জিনিসপত্র তার কাছে কেন থাকবে। এ সময় তার অন্যতম দুই সহযোগীকে আটক করে পরিচালকের রুমে নিয়ে যাওয়া হয়। পরে পরিচালকের নির্দেশনায় তাদেরকে আনসার সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।’

এ ছাড়া নতুন ভবনের ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান তিনি বিভিন্ন লোকের কাছ থেকে তিন লাখ টাকা করে নিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছে, সেই অভিযোগে তাকেও ধরে আনা হয় প্রশাসনিক ব্লকে। পরে তিনি টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেন। এরপর তাকেও আনসার সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া নতুন ভবন থেকে আরও একজনকে আটক করা হয়। শিক্ষার্থীরা পরিচালকের কাছে অভিযোগের সঠিক তদন্ত দাবি করেন এবং তাদের বরখাস্তের দাবি জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান হাসপাতালের কনফারেন্স রুমে শিক্ষার্থীদের বলেন, ‘আপনারা যেসব জিনিস তাদের কাছ থেকে উদ্ধার করেছেন সেগুলো আমাদের কাছে জমা দিয়ে যান। আমরা একটি কমিটি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। তাদের বিরুদ্ধে নিয়মানুযায়ী যে ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেই ব্যবস্থাই নেব।’

সারাবাংলা/এসএসআর/একে
বিজ্ঞাপন

আরো