Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিরপুরে আন্দোলনে হত্যাচেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ১৬:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর ডেমরা এলাকা থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি ফরিদপুর মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে (৩২) গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

সোমবার (২৬ মে) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গ্রেফতার ইমরান হোসেন মিরপুর মডেল থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি। গত ৩ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় তার বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা করা হয়।’

বিজ্ঞাপন

মামলার এজাহারে বলা হয়, ‘গত বছরের ১৯ জুলাই রাজধানীর মিরপুর-১০ ফলপট্টি এলাকায় হাজার হাজার ছাত্র-জনতা বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় ভিকটিম হৃদয় গুরুতরভাবে আহত হন।’

ডিসি তালেবুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় উক্ত মামলার আসামি ইমরান হোসেনকে রোববার রাত সাড়ে ৯টায় ডেমরা থানার মাতুয়াইল এলাকা থেকে গ্রেফতার করে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম। গ্রেফতার ইমরান হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো