Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গু প্রতিরোধে সরকারের দায়বদ্ধতা নেই: গোলাম পরওয়ার

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৬ ১৯:২৩

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

ঢাকা: ডেঙ্গু জ্বর প্রতিরোধে সরকারের কোনো কার্যকর উদ্যোগ নেই বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত কার্যালয়ের সামনে ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

গোলাম পরওয়ার বলেন, জনগণের খাজনা-ট্যাক্সের টাকা সরকারের পকেটে যাচ্ছে, অথচ হাম ও ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে জামায়াতে ইসলামী। দেশ ও জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই। সরকার নিজের ক্ষমতা পাকাপোক্ত করে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা কায়েমের জন্য সংবিধান সংশোধনে ব্যস্ত।

বিজ্ঞাপন

তিনি বলেন, দলীয়করণ ছাড়া সরকারের আর কোনো সফলতা নেই। ক্ষমতা গ্রহণের ছয় মাসের মধ্যেই সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। যেকোনো সমস্যার দায় আগের সরকারের ওপর চাপিয়ে বর্তমান সরকার দায়মুক্ত হতে চাইছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন বলেন, হাম ও ডেঙ্গুর যথাযথ চিকিৎসা না পেয়ে মানুষের মৃত্যুর সারি দীর্ঘ হচ্ছে। স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার হলেও সরকার তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আব্দুস সবুর ফকির, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, আব্দুস সালাম, খন্দকার আব্দুর রব ও মাওলানা শরিফুল ইসলাম।

সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামী সপ্তাহব্যাপী কর্মসূচি নিয়েছে। সরকারের ব্যর্থতায় ডেঙ্গু ও হামের প্রভাব বাড়ছে। স্বাস্থ্যখাতে দলীয়করণের কারণে অদক্ষ ও অযোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়ায় এ খাত সংকটে পড়েছে।

অনুষ্ঠান শেষে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান পরিচালনা এবং স্থানীয়দের মধ্যে মশারি ও প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর